ফ্রান্সের ছাত্র-যুব আন্দোলনের রেশ এবার জার্মানিতেও। শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ‘জেন জি রেগেল্ট’ নামে একটি যুব সংগঠন।শিক্ষার উন্নত সুযোগ, ভবিষ্যতের নিশ্চয়তা, জলবায়ু সুরক্ষা এবং বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালুর সম্ভাবনার বিরুদ্ধে বিক্ষোভ করবেন তরুণ-তরুণীরা।
বার্লিন, কোলোন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখে মূল কর্মসূচির পাশাপাশি আরও প্রায় ৩০টি শহরে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে কর্মসূচিটি সংগঠিত করেছেন আয়োজকেরা।
ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার ঘটনার পর জার্মানিতেও অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাসীন শিবিরের কয়েকজন রক্ষণশীল নেতা। তবে আয়োজকদের দাবি, আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশও এই যুব বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে। গ্রিন পার্টির পার্লামেন্টারি নেত্রী ক্যাথারিনা ড্র্যোগের ভাষায়, সরকারের উদাসীনতায় তরুণদের ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক। অন্যদিকে, সমাজকল্যাণ ও পেনশন ব্যবস্থার সম্ভাব্য সংস্কারকে ‘সামাজিক নিষ্ঠুরতা’ আখ্যা দিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বাম দলও।


