ইউরোপের দেশ রোমানিয়ায় বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য একটি বিশেষ ‘রাজক্ষমা’ (এমনেস্টি) কর্মসূচি ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে, রোমানিয়া সরকার নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের অবৈধ কর্মীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে। গত ২৭ এপ্রিল অফিশিয়াল গেজেটে প্রকাশিত এই ৩২ নম্বর জরুরি অধ্যাদেশের ৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেসব বিদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সুবিধার আওতায় পড়বেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অনেক বাংলাদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় গেলেও নিয়োগকর্তার জটিলতা কিংবা বেতন থেকে ট্যাক্স সরকারি কোষাগারে জমা না দেওয়ার মতো নানা কারণে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন। মূলত নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন কর্মসংস্থান না মেলায় যারা সংকটে পড়েছিলেন, তাদের ভাগ্য ফেরাতেই রোমানিয়া সরকার এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এই সুযোগ নিতে হলে সংশ্লিষ্ট কর্মীকে আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে একজন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং নতুন ওয়ার্ক পারমিটের মাধ্যমে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।
তবে দূতাবাস স্পষ্টভাবে সতর্ক করেছে যে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। যারা ইতিপূর্বেই দেশত্যাগের নির্দেশ (রিটার্ন ডিসিশন) পেয়েছেন অথবা যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন, তারা এই ক্ষমার আওতায় পড়বেন না। যেহেতু এটি সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা, তাই প্রাথমিক কোনো জটিলতায় প্রবাসী বাংলাদেশিদের বুখারেস্থ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে কয়েক হাজার বাংলাদেশি কর্মী রোমানিয়ায় পুনরায় বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: সময় প্রবাস


