পর্তুগালে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক ধাত্রী (মিডওয়াইফ) সম্মেলনে যোগ দিতে এসে প্রবাসী সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সোমবার সন্ধ্যায় লিসবনে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এই বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের (আইসিএম) ৩৪তম ত্রিবার্ষিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ড. জিয়াউদ্দিন হায়দার বর্তমানে পর্তুগাল সফরে রয়েছেন।
মতবিনিময় অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় কর্মরত সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা এবং দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। তারা পর্তুগালে প্রবাসীদের আইনি ও কূটনৈতিক সহযোগিতার বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে চলমান বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ। এছাড়া উপদেষ্টামণ্ডলীর সদস্য জাহিদ কায়সার, এনামুল হক খান, এবিএস ইয়ামিন, নুরুজ্জামান সেলিম ও হুমায়ূন আহমেদ শ্রাবণসহ লিসবনে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রবাসী মিডিয়াকর্মীরা এই মতবিনিময় সভায় অংশ নেন।


