ড্রাইভিং লাইসেন্স অতিরিক্ত পুরোনো বা ক্ষতিগ্রস্ত হয়ে লেখার তথ্য অস্পষ্ট হয়ে পড়লে তা জব্দ করতে পারে পর্তুগিজ কর্তৃপক্ষ। দেশটির ট্রাফিক আইনে অনেকের কাছেই অজানা এমন একটি বিশেষ বিধান রয়েছে।
পর্তুগালের ‘হাইওয়ে কোড’-এর ১৫৯ নম্বর অনুচ্ছেদে এই প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। কোনো লাইসেন্সের বাহ্যিক অবস্থা যদি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে এর ভেতরের কোনো তথ্য বা অনুমোদনের বিবরণ আর পড়া যাচ্ছে না, তবে ট্রাফিক পুলিশ বা তদন্তকারী কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেই লাইসেন্সটি জব্দ করতে পারে। পর্তুগিজ দৈনিক ‘কররিও দা মানিয়া’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে লাইসেন্স কিছুটা পুরোনো হওয়া বা ব্যবহারের কারণে সামান্য দাগ পড়ার অর্থ এই নয় যে চালক তা হারানোর ঝুঁকিতে পড়বেন। সাধারণ ব্যবহারের সামান্য চিহ্ন থাকা কোনো বড় সমস্যা নয়; মূল বিষয় হলো লাইসেন্সে থাকা নাম, নম্বর বা মেয়াদের মতো জরুরি তথ্যগুলো খালি চোখে স্পষ্টভাবে পড়া যাচ্ছে কি না। লাইসেন্সটি ফেটে গেলে, ভেঙে গেলে কিংবা অতিরিক্ত আর্দ্রতা বা ঘষামাজার কারণে গুরুত্বপূর্ণ অংশের লেখা উঠে গেলে তা পুলিশের জব্দের আওতায় পড়তে পারে।
এই কারণে লাইসেন্স জব্দ করার অর্থ কিন্তু গাড়ি চালানোর বৈধ অধিকার হারানো নয়। এটি লাইসেন্স পুরোপুরি বাতিল বা গাড়ি চালানো নিষিদ্ধ করার চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এ ক্ষেত্রে কেবল অযোগ্য শারীরিক অবস্থার কারণে পুলিশ ক্ষতিগ্রস্ত কার্ডটি নিজের হেফাজতে নেয়। আইন অনুযায়ী, এভাবে লাইসেন্স জব্দ করা হলে চালককে তাৎক্ষণিকভাবে একটি ‘অস্থায়ী ড্রাইভিং নির্দেশিকা’ বা অনুমতিপত্র দেওয়া হয়, যা নির্দিষ্ট মেয়াদের জন্য কার্যকর থাকে এবং প্রয়োজনে যুক্তিযুক্ত কারণে তা নবায়নও করা যায়। তবে এই অস্থায়ী অনুমতিপত্রটি কেবল পর্তুগালের সীমানার ভেতরে গাড়ি চালানোর জন্যই প্রযোজ্য।
লাইসেন্স ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে পুলিশের হাতে জব্দ হওয়ার অপেক্ষা না করে চালকেরা আগেই নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে ‘আইএমটিঅনলাইন’-এর মাধ্যমে অনলাইনেই বিকল্প লাইসেন্স পাওয়ার আবেদন করা সম্ভব। এছাড়া সরাসরি ‘এস্পাসো সিদাদাঁও’ কিংবা ইনস্টিটিউট ফর মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট (আইএমটি)-এর সেবা কাউন্টারে গিয়েও এই সেবা নেওয়া যায়।
কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছে যে, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের সঙ্গে ক্ষতিগ্রস্ত লাইসেন্স প্রতিস্থাপনের বিষয়টি গুলিয়ে ফেলা যাবে না। কারণ একটি লাইসেন্সের দাপ্তরিক মেয়াদ থাকা সত্ত্বেও কেবল কার্ডটি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত বা লেখা অস্পষ্ট হওয়ার কারণে চালককে বাধ্য হয়ে নতুন কার্ড তুলতে হতে পারে।


