স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বৃহস্পতিবার মেয়রের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
আলোচনায় স্পেনের সঙ্গে, বিশেষ করে মালাগা শহরের সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন ও সৃজনশীল অর্থনীতির বিষয়গুলো উঠে আসে।
বাংলাদেশে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন মালাগার মেয়র। পাশাপাশি এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর কর্তৃপক্ষের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।


