কর্মজীবন গড়ার জন্য কোনো দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু মোট বেতন বিবেচনা করলেই চলে না। কর ও অন্যান্য বাধ্যতামূলক কর্তন শেষে একজন কর্মীর হাতে কত টাকা থাকে, সেটিও গুরুত্বপূর্ণ।
ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী আয় সবচেয়ে বেশি, সেসব দেশের অবস্থান তুলে ধরা হয়েছে।
১. সুইডেন: ২৯.৫ ইউরো (প্রায় ৪ হাজার ৯৮ টাকা)
উদ্ভাবন, আধুনিক কর্মসংস্কৃতি ও কর্মক্ষেত্রে সমতাভিত্তিক সম্পর্কের জন্য পরিচিত সুইডেন। তবে প্রতিযোগিতামূলক বেতন থাকা সত্ত্বেও দেশটিতে বেকারত্বের হার ইউরোপের অন্যতম বেশি।
১. ফ্রান্স: ৩০ ইউরো (প্রায় ৪ হাজার ১৬৮ টাকা)
শ্রমিকদের অধিকার রক্ষার দীর্ঘ ঐতিহ্য এবং বহুমুখী অর্থনীতি ফ্রান্সের অন্যতম বৈশিষ্ট্য। দেশটিতে সামাজিক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ কর্তন করা হলেও কর-পরবর্তী আয় তুলনামূলক বেশি।
১. ফিনল্যান্ড: ৩২.৬ ইউরো (প্রায় ৪ হাজার ৫২৯ টাকা)
উচ্চ বেতন ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থার জন্য পরিচিত ফিনল্যান্ড। তবে দেশটির শ্রমবাজার বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
১. অস্ট্রিয়া: ৩৩.৮ ইউরো (প্রায় ৪ হাজার ৬৯৬ টাকা)
উন্নত সামাজিক বাজার অর্থনীতির জন্য পরিচিত অস্ট্রিয়া। দেশটির বিশেষায়িত উৎপাদনশিল্প ও পর্যটন খাত কর্মসংস্থান এবং কর্মীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১. জার্মানি: ৩৪.৫ ইউরো (প্রায় ৪ হাজার ৭৯৩ টাকা)
ইউরোপের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান শক্তি জার্মানি। উন্নত শিল্পভিত্তি ও স্থিতিশীল কর্মসংস্থানের কারণে দেশটি কর্মীদের জন্য আকর্ষণীয় কর্মপরিবেশ গড়ে তুলেছে।
১. নেদারল্যান্ডস: ৩৬.৩ ইউরো (প্রায় ৫ হাজার ৪৩ টাকা)
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সরবরাহকেন্দ্র নেদারল্যান্ডস। শক্তিশালী লজিস্টিকস খাত এবং অর্থনৈতিক সহযোগিতার সংস্কৃতি দেশটির অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে।
১. আয়ারল্যান্ড: ৩৬.৬ ইউরো (প্রায় ৫ হাজার ৮৫ টাকা)
প্রযুক্তি ও ওষুধশিল্পের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছে আয়ারল্যান্ড। এসব খাতের বিকাশ দেশটির অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি কর্মীদের প্রতিযোগিতামূলক কর-পরবর্তী আয় নিশ্চিত করতেও ভূমিকা রেখেছে।
১. বেলজিয়াম: ৩৭.১ ইউরো (প্রায় ৫ হাজার ১৫৫ টাকা)
বেলজিয়ামে করব্যবস্থা তুলনামূলক জটিল হলেও কর-পরবর্তী ঘণ্টাপ্রতি আয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অন্যতম বেশি। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের ব্যবস্থা কর্মীদের ক্রয়ক্ষমতা ধরে রাখতে সহায়তা করে।
১. ডেনমার্ক: ৪৪.৭ ইউরো (প্রায় ৬ হাজার ২১১ টাকা)
নমনীয় শ্রমবাজার ও শক্তিশালী সামাজিক নিরাপত্তাব্যবস্থা ডেনমার্কের অন্যতম বৈশিষ্ট্য। দেশটিতে কর্মীরা কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার সুযোগ পান।
১. লুক্সেমবার্গ: ৪৯.৭ ইউরো (প্রায় ৬ হাজার ৯০৬ টাকা)
ইউরোপের ক্ষুদ্র দেশ লুক্সেমবার্গ তালিকার শীর্ষে রয়েছে। শক্তিশালী আর্থিক খাত, উচ্চ বেতন এবং উন্নত সামাজিক নিরাপত্তাব্যবস্থা দেশটিকে কর্মীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।


