ওয়ার্ল্ড ক্রুজ অ্যাওয়ার্ডসে আবারও ইউরোপের সেরা ক্রুজ গন্তব্যের স্বীকৃতি অর্জন করেছে পর্তুগালের রাজধানী লিসবন। এর মাধ্যমে মর্যাদাপূর্ণ এই খেতাবটি তৃতীয়বারের মতো নিজেদের করে নিল শহরটি।
জামাইকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পর্তুগালের এই রাজধানী শহরের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। এর আগে ২০২১ এবং ২০২৪ সালেও একই সম্মাননা অর্জন করেছিল লিসবন।
এবারের প্রতিযোগিতায় বার্সেলোনা, এথেন্স, ডব্রোভনিক, মোনাকো, নিস, রোম, অসলো এবং সাউদাম্পটনের মতো ইউরোপের বড় বড় ক্রুজ গন্তব্যগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছে লিসবন। এমনকি পর্তুগালেরই আরেকটি জনপ্রিয় পর্যটন দ্বীপ মাদেইরার ফুনশাল শহরকেও পেছনে ফেলেছে রাজধানী।
আন্তর্জাতিক ক্রুজ পর্যটনের শীর্ষস্থানীয় গন্তব্য হিসেবে লিসবনের ক্রমবর্ধমান সুনামেরই প্রতিফলন ঘটেছে এই অর্জনে—বলে জানিয়েছে লিসবন বন্দর কর্তৃপক্ষ (এপিএল)।
কর্তৃপক্ষের মতে, এই পুরস্কার ক্রুজ খাতের সঙ্গে জড়িত সকল পেশাজীবী ও সংগঠনের নিরলস প্রচেষ্টা এবং পর্তুগালের রাজধানীতে আগত পর্যটকদের প্রতি উষ্ণ আতিথেয়তারই স্বীকৃতি।
লিসবন বন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পুরস্কার লিসবনের ক্রুজ ইকোসিস্টেমে কাজ করা প্রতিটি মানুষের নিষ্ঠা ও প্রতিশ্রুতির ফসল, যারা প্রতিদিন আমাদের দর্শনার্থীদের জন্য অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা দিতে সচেষ্ট। একই সঙ্গে এটি লিসবনের সাধারণ মানুষের চমৎকার আতিথেয়তারও স্বীকৃতি।’
কর্তৃপক্ষ আরও জানায়, লিসবন ক্রমান্বয়ে নিজেকে একটি প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী এবং টেকসই ক্রুজ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করে চলেছে।
এর আগে চলতি বছর লিসবন ক্রুজ টার্মিনাল টানা ষষ্ঠবারের মতো ‘ইউরোপের সেরা ক্রুজ টার্মিনাল’ হিসেবেও মনোনীত হয়েছিল।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রুজ শিল্পে উৎকর্ষ ও উদ্ভাবনকে স্বীকৃতি দিতে ২০২১ সালে ওয়ার্ল্ড ক্রুজ অ্যাওয়ার্ডস চালু করা হয়। লিসবনের এই নতুন বিজয় ক্রুজ গন্তব্য হিসেবে এবং পর্তুগালভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করল।


