বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর, ২০২৬   |   ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে ২০২৬ সালের প্রথমার্ধে কমতির দিকে থাকার পর আগস্টে আবারও বাড়তে শুরু করেছে বাড়িভাড়া। বর্তমানে দেশটিতে একটি এক বেডরুমের ফ্ল্যাট ভাড়া নিতে মাসে গুনতে হচ্ছে ন্যূনতম মজুরির চেয়েও ২০০ ইউরোর বেশি।

সম্প্রতি প্রকাশিত রিয়েল এস্টেট পোর্টাল আইডিয়ালিস্তার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পর্তুগালে একটি এক বেডরুমের ফ্ল্যাট, দেশটিতে যা ‘টি১’ নামে পরিচিত, ভাড়া নেওয়ার মধ্যম মূল্য ছিল মাসে ১ হাজার ১২৮ ইউরো। একই সময়ে একটি শেয়ার্ড ফ্ল্যাটে শুধু একটি রুম ভাড়ার মধ্যম মূল্য ছিল ৫০৫ ইউরো। অর্থাৎ রুমের তুলনায় আলাদা টি১ ফ্ল্যাটের ভাড়া ১২৩ শতাংশ বেশি।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে ব্যয়বহুল লিসবন। রাজধানী অঞ্চলে একটি টি১-এর মধ্যম ভাড়া মাসে ১ হাজার ৩৫৪ ইউরো। এরপর রয়েছে মাদেইরা দ্বীপ, ১ হাজার ২৯৫ ইউরো; ফারো, ১ হাজার ১৭১ ইউরো; পোর্তো, ৯৮৩ ইউরো; সেতুবাল, ৯৮১ ইউরো এবং আজোরেসের সাও মিগেল দ্বীপ, ৯৭৯ ইউরো।

অন্যদিকে সবচেয়ে সস্তা টি১ পাওয়া যায় গুয়ার্দা জেলায়, মাসে ৪৫৬ ইউরোতে। এরপর ক্যাস্তেলো ব্রাঙ্কোতে ৫২৭ ইউরো এবং ব্রাগান্সায় ৫২৯ ইউরো।

জেলা শহরগুলোর ক্ষেত্রে ভাড়ার চাপ আরও বেশি। লিসবন শহরে একটি টি১-এর মধ্যম ভাড়া মাসে ১ হাজার ৪০৯ ইউরো। ফুনশালে ১ হাজার ৩৪০ ইউরো, পোর্তোতে ১ হাজার ৩ ইউরো এবং ফারোতে ১ হাজার ১ ইউরো।

জেলা শহরগুলোর মধ্যে সবচেয়ে কম ভাড়া গুয়ার্দায়—৪৩৮ ইউরো। এরপর রয়েছে ব্রাগান্সা ৫২০ ইউরো, ক্যাস্তেলো ব্রাঙ্কো ৫৩৮ ইউরো এবং বেজা ৭৯০ ইউরো।

রুম ভাড়ার ক্ষেত্রেও মাদেইরা সবচেয়ে ব্যয়বহুল, মাসে ৫৬৫ ইউরো। লিসবনে ৫৫১ ইউরো এবং পোর্তোতে ৪৫৭ ইউরো। সবচেয়ে সস্তা রুম পাওয়া যায় ব্রাগান্সা ও গুয়ার্দায়, ২০৫ ইউরো করে। ক্যাস্তেলো ব্রাঙ্কোতে রুমের মধ্যম ভাড়া ২৪৬ ইউরো।

শহরভিত্তিক হিসাবে লিসবন ও ফুনশালে রুম ভাড়া প্রায় সমান—মাসে ৫৭০ ইউরো। গুয়ার্দায় ২০০ ইউরো, বেজায় ২৭০ ইউরো এবং ভিসেউতে ২৭১ ইউরোতে তুলনামূলক সস্তা রুম পাওয়া যায়।

রুমের চেয়ে স্টুডিও ৮০% বেশি

আইডিয়ালিস্তার প্রতিবেদনে দেখা গেছে, পর্তুগালে একটি স্টুডিও ফ্ল্যাটের মধ্যম ভাড়া মাসে ৯০৮ ইউরো। এটি একটি রুম ভাড়ার চেয়ে ৮০ শতাংশ বেশি হলেও টি১ ফ্ল্যাটের চেয়ে ২০ শতাংশ কম।

রুম ও স্টুডিওর ভাড়ার পার্থক্য সবচেয়ে বেশি ব্রাগান্সায়। জেলা পর্যায়ে সেখানে স্টুডিওর ভাড়া রুমের চেয়ে ১৩১ শতাংশ বেশি। ব্রাগান্সা শহরেও ব্যবধান ১২৮ শতাংশ।

আইডিয়ালিস্তার এই প্রতিবেদন দীর্ঘমেয়াদি ভাড়ার বাজারের ওপর ভিত্তি করে তৈরি। এপ্রিল থেকে জুন ২০২৬ পর্যন্ত তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপিত শেয়ার্ড ফ্ল্যাটের রুম, স্টুডিও ও টি১ ফ্ল্যাটের মধ্যম চাওয়া ভাড়া এতে তুলনা করা হয়েছে। প্রতিনিধিত্বশীল তথ্য পাওয়া গেছে—এমন বাজারগুলোই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version