পর্তুগালের পোর্তো থেকে নতুন ২৯টি রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ার। ২০২৭ সালের গ্রীষ্মকালীন সময়সূচির অংশ হিসেবে এই নতুন রুটগুলো চালু করা হচ্ছে, যা মূলত যুক্তরাজ্য ও জার্মানির সঙ্গে পোর্তোর আকাশপথের যোগাযোগকে আরও শক্তিশালী করবে।
নতুন রুটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এক্সেটার (Exeter) ও বোর্নমাউথ (Bournemouth) বিমানবন্দর থেকে সপ্তাহে দুটি করে সরাসরি ফ্লাইট। একই সঙ্গে দক্ষিণ জার্মানির ফ্রিডরিশশাফেন (Friedrichshafen) রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে আইরিশ এই এয়ারলাইন্সটি।
পোর্তো কেন্দ্রিক এই নতুন রুটগুলো রায়ানএয়ারের বৃহত্তর ইউরোপীয় সম্প্রসারণ পরিকল্পনারই অংশ। এর মাধ্যমে স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিসের বিভিন্ন গন্তব্যেও নতুন সংযোগ তৈরি করা হচ্ছে এবং এই রুটগুলোতে উদ্বোধনী ছাড় হিসেবে আকর্ষণীয় ভাড়া দেওয়া হবে।
এদিকে, ২০২৬-২০২৭ সালের শীতকালীন মৌসুমের জন্য রায়ানএয়ার প্রায় ৭ কোটি ৬০ লাখ আসন এবং ৩ লাখ ৯৫ হাজার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। জ্বালানি তেলের বর্ধিত মূল্য ও মৌসুমি লোকসান সামাল দিতে বিমান সংস্থাটি তাদের বার্ষিক ট্রাফিক লক্ষ্যমাত্রায় প্রয়োজনীয় সমন্বয় করার পাশাপাশি সামগ্রিক সক্ষমতা স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে।


