গ্লোবাল মাইন্ডস স্কলারশিপের আওতায় ইউরোপের চার দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষের এ স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। দুই বছর মেয়াদি এ আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়
এ স্কলারশিপের আওতায় চারটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে। এগুলো হলো—
১. ইউনিভার্সিটি অব লিমেরিক (ইউএল), আয়ারল্যান্ড
২. ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন (আইএসসিটিই), পর্তুগাল
৩. এসডব্লিউপিএস ইউনিভার্সিটি, পোল্যান্ড
৪. ইউনিভার্সিটি অব অসলো (ইউআইও), নরওয়ে
প্রোগ্রামের মেয়াদ ও পড়াশোনার ধরন
গ্লোবাল মাইন্ডস স্কলারশিপের মেয়াদ দুই বছর বা চার সেমিস্টার। প্রথম সেমিস্টারে পর্তুগাল অথবা পোল্যান্ডের যেকোনো একটি দেশে পড়াশোনা করতে হবে। দ্বিতীয় সেমিস্টারে পড়ার সুযোগ থাকবে নরওয়ে অথবা আয়ারল্যান্ডে।
তৃতীয় সেমিস্টারে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও গবেষণাভিত্তিক থিসিস সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর যেকোনো একটিতে অথবা এর বাইরের কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে।
স্কলারশিপের সুযোগ-সুবিধা
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিমা, যাতায়াত খরচ, ভিসা-সংক্রান্ত ব্যয় এবং জীবনযাত্রার খরচ মেটাতে মাসিক ভাতা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে।
স্নাতকের শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অধ্যয়নরত থাকার প্রমাণপত্র এবং সম্ভাব্য স্নাতক সম্পন্নের তারিখ উল্লেখ করে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। নির্বাচিত হলে ভর্তির আগে স্নাতক ডিগ্রির সনদ জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য প্রয়োজন হবে—
- অনলাইন আবেদন ফরম
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র
- অধ্যয়নরত থাকার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
- পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ
- ইউরোপাস ফরম্যাটে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি ২০২৭।
বিস্তারিত এই লিংকে- https://global-minds.eu/


