স্পেনের মাদ্রিদে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশি মাহফুজুর রহমানের মরদেহ সরকারি অর্থায়নে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, মাহফুজুর রহমান গত ৩ অক্টোবর স্পেনের মাদ্রিদে মারা যান। জীবিকার তাগিদে তিনি সেখানে একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে এবং তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক ও মানবিক সংকটে পড়ে।
স্বজনদের আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ দেশে নিয়ে আসার বিপুল ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে তার স্ত্রী মরদেহ সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের কাছে লিখিত আবেদন ও সহযোগিতা কামনা করেন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ প্রয়োজনীয় নথিপত্রসহ বিষয়টি দ্রুত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠায়। দূতাবাসের উদ্যোগ ও তৎপরতায় মন্ত্রণালয় মরদেহ বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য ৩ হাজার ৬৫০ (তিন হাজার ছয়শত পঞ্চাশ) ইউরো আর্থিক সহায়তা অনুমোদন করে।
অনুমোদিত এই অর্থ মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট ফিউনারেল হোম বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে।
দূতাবাস এক বিবৃতিতে উল্লেখ করেছে, প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তার পরিবারের ওপর গভীর শোক ও অনিশ্চয়তা নেমে আসে। বিশেষ করে অসচ্ছল পরিবারের জন্য প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন সংকটময় মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া দূতাবাস অন্যতম মানবিক দায়িত্ব বলে মনে করে।
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এবং বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে দূতাবাস মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


