ইতালির রাজধানী রোমের প্রবাসী অধ্যুষিত তোরপিনাত্তারা এলাকায় মাত্র ২০ ইউরো নিয়ে বিরোধের জেরে এক তিউনিসীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পেরুভীয় নাগরিক পালিয়ে গেছেন। তাঁকে খুঁজছে পুলিশ। জনবহুল এই এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও।
ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকা ও লা ক্রোনাকা দি রোমার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ১১টার দিকে রোমের পূর্বাঞ্চলে ভিয়া দি তোরপিনাত্তারা ও ভিয়া ফ্রান্সেসকো বারাক্কার সংযোগস্থলে ম্যাকডোনাল্ডসের পাশের একটি বার এবং এর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, মাত্র ২০ ইউরো নিয়ে দুই ব্যক্তির মধ্যে প্রথমে বারের ভেতরে এবং পরে রাস্তায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে পেরুভীয় নাগরিকটি ধারালো ছুরি দিয়ে তিউনিসীয় ব্যক্তির বুকে একাধিকবার আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করতে করতে রাস্তায় লুটিয়ে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হামলার পরপরই অভিযুক্ত পেরুভীয় নাগরিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ইতালির পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় ঘটনাস্থল ও আশপাশ থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
তবে আটক দুজন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। পলাতক অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ। এ ঘটনায় অভিযানও অব্যাহত রয়েছে।
তোরপিনাত্তারা এলাকায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসীর বসবাস। রোমে প্রবাসী বাংলাদেশিদের কাছেও এলাকাটি বেশ পরিচিত। এমন জনবহুল এলাকায় সামান্য ২০ ইউরো নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


