অভিবাসন নীতিতে কঠোর বিধিনিষেধের কারণে ব্রিটেনে নিট অভিবাসন ২০২৩ সালের সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় ৯০ শতাংশ কমেছে। তবে এই বড় ধরনের পতন দেশটির শ্রমশক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।
বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে (জুনে শেষ হওয়া ১২ মাসে) ব্রিটেনে নিট অভিবাসীর সংখ্যা ছিল ৭৭ হাজার। আগের অর্থবছরে (২০২৪-২৫) এ সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার। মহামারির সময় বাদ দিলে ১৯৯৭ সালের পর এটিই সর্বনিম্ন।
মূলত কর্মী, শিক্ষার্থী ও আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ফলে এই সংখ্যা কমেছে।
কোভিড-১৯ মহামারির সময় বাদ দিলে গত প্রায় তিন দশকের মধ্যে ব্রিটেনে বার্ষিক নিট অভিবাসন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্য পূরণের ইঙ্গিত দিলেও এই পতন দেশটির অর্থনৈতিক সম্ভাবনায় প্রভাব ফেলতে পারে।
২০১০ সালে তৎকালীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিট অভিবাসীর সংখ্যা ‘কয়েক হাজারে’ নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার সরকার সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে নিট অভিবাসীর সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছিল। সেখান থেকে তা এখন প্রায় ৯০ শতাংশ কমেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, সরকার অভিবাসন ব্যবস্থার ওপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তবে ব্যবস্থাটিকে আরও ন্যায়সংগত করতে অতিরিক্ত সংস্কারের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
শাবানা মাহমুদ বলেন, “আমরা এখানেই থেমে থাকব না। আমাদের সংস্কারগুলো অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনছে এবং এমন একটি ন্যায়সংগত ব্যবস্থা গড়ে তুলছে, যা অবদানকে মূল্যায়ন করে।”
ব্রিটেনে অভিবাসন এখনো বড় রাজনৈতিক ইস্যু
আইনি ও অবৈধ—উভয় ধরনের অভিবাসনই এক দশকের বেশি সময় ধরে ব্রিটেনের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে অবাধ চলাচলের বিষয়টি ২০১৬ সালের গণভোটে ব্রেক্সিটের পক্ষে জনসমর্থন তৈরির অন্যতম কারণ ছিল।
ভোটারদের কাছেও অভিবাসন এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। চলতি সপ্তাহে প্রকাশিত ইউগভের এক জরিপে দেখা গেছে, অর্থনীতির পর অভিবাসনকে ভোটাররা দ্বিতীয় প্রধান উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করেছেন।
তবে অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে সর্বশেষ পরিসংখ্যানে সন্তোষ প্রকাশ করেনি। এক বিবৃতিতে দলটি বলেছে, সর্বশেষ পরিসংখ্যান ‘উদযাপনের মতো কোনো বিষয় নয়’।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কনজারভেটিভ ও লেবার—উভয় দলের শাসনামলেই দীর্ঘদিন ধরে উচ্চ মাত্রার অভিবাসন জনসেবা ও আবাসন ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে।


