বাংলাদেশ থেকে জমা দেওয়া শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। এখন থেকে এ-সংক্রান্ত আবেদন, আমন্ত্রণপত্র, আপিল ও অন্যান্য বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস এখন আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদন কিংবা এ-সংক্রান্ত অন্যান্য প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।
এতে আরও বলা হয়, শেনজেন ভিসার বিষয়ে নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার দায়িত্বও এখন আর দূতাবাসের নেই। তাই আবেদনকারী ও স্পন্সরদের এ-সংক্রান্ত সব প্রশ্ন নিয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে দূতাবাস।
গত ১৫ অক্টোবর থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হয়েছে। এর আওতায় বাংলাদেশ থেকে জমা দেওয়া স্বল্পমেয়াদি শেনজেন ভিসার আবেদন পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালন করবে সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।
তবে ভিসার আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসেনি। আবেদনকারীরা আগের মতোই ঢাকায় ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তথ্য জমা দিতে পারবেন।
দূতাবাস জানিয়েছে, এ পরিবর্তন শুধু আবেদন প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশে শেনজেন ভিসা আবেদন জমা দেওয়ার সুযোগ বন্ধ হয়নি।
উল্লেখ্য, শেনজেন ভিসার মাধ্যমে ইউরোপের শেনজেনভুক্ত ২৯টি দেশে যেকোনো ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যায়।


