ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে মূল্যবান শিল্পের কাঁচামালে রূপান্তর করে রপ্তানি ব্যবসা গড়ে তুলেছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা হামিদ হাসান আলভী। তাঁর প্রতিষ্ঠিত পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ব্যবহৃত প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে তৈরি করছে আন্তর্জাতিক মানের কাঁচামাল। এসব পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে।
সম্প্রতি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় ‘বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস উদ্যোক্তা’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন আলভী। পাঁচ বছরেরও বেশি আগে যাত্রা শুরু করা তাঁর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মূলধন এখন প্রায় ৬০ কোটি টাকা। চলতি বছর রপ্তানি আয়ও প্রায় ৬০ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করছেন তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত প্রতিষ্ঠানটি পুনর্ব্যবহৃত পলিইথিলিন টেরেফথ্যালেট (পিইটি) ফ্লেকস তৈরি করে। এসব কাঁচামাল স্পেন, ইতালি, জার্মানি ও লিথুয়ানিয়ায় রপ্তানি করা হয়। ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো ব্যবহার করে তৈরি হয় প্যাকেজিং সামগ্রী, বস্ত্রশিল্পের ফাইবার ও ফোম পণ্য।
ব্যাংকঋণসহ প্রায় ৫ কোটি টাকা প্রাথমিক বিনিয়োগ নিয়ে ব্যবসা শুরু করেন আলভী। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। এর আগে প্রায় এক বছর ধরে কারখানা স্থাপন ও ব্যবসায়িক প্রস্তুতির কাজ চলে।
বর্তমানে প্রতিষ্ঠানটি বছরে প্রায় ১০ হাজার থেকে ১১ হাজার টন পুনর্ব্যবহৃত পিইটি ফ্লেকস উৎপাদন করছে। কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ১৪ হাজার ৪০০ টন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলভী বলেন, ‘আমাদের সব পণ্যই রপ্তানি করা হয়। স্থানীয় বাজারে আমরা কিছুই বিক্রি করি না। চলতি বছর আমাদের বিক্রির পরিমাণ প্রায় ৬০ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করছি।’
বর্জ্য থেকে আন্তর্জাতিক বাজারের কাঁচামাল
পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের উৎপাদন প্রক্রিয়া শুরু হয় ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহের মাধ্যমে। এরপর সেগুলো পরিষ্কার ও বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় হট-ওয়াশড ক্লিয়ার পিইটি ফ্লেকস। এসব ফ্লেকস দিয়ে বস্ত্রশিল্পের ফাইবার, প্লাস্টিক স্ট্র্যাপিং, ফিল্ম ও প্যাকেজিং পণ্য তৈরি করা হয়। তবে প্রতিষ্ঠানটির বর্তমান উৎপাদিত পণ্য মূলত নন-ফুড গ্রেড ব্যবহারের উপযোগী।
বোতল পরিষ্কারের জন্য প্রায় ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প ও গরম পানি ব্যবহার করা হয়। এতে বোতলের লেবেল, আঠা ও অন্যান্য ময়লা দূর হয়। পাশাপাশি পণ্যের মান নিশ্চিত করতে রয়েছে স্বয়ংক্রিয় অপটিক্যাল সর্টিং ব্যবস্থা।
ইউরোপের বাজারের চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি রিসাইক্লাস সনদও পেয়েছে। পুনর্ব্যবহারের মান যাচাই, সরবরাহব্যবস্থার স্বচ্ছতা এবং পণ্যের উৎস শনাক্ত করার ক্ষেত্রে এ সনদ গুরুত্বপূর্ণ।
আলভী জানান, ইউরোপের ক্রেতারা পণ্যের মানের পাশাপাশি উৎপাদনের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। এ কারণে কাঁচামাল সংগ্রহ থেকে চূড়ান্ত পণ্য তৈরি পর্যন্ত প্রতিটি পর্যায়ে কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের স্নাতক আলভী দেশের ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান শিল্প-উপকরণে রূপান্তরের সম্ভাবনা দেখেই এ ব্যবসায় নামেন।
ইউরোপের বাজারের কঠোর মানদণ্ড পূরণ করতে আধুনিক হট-ওয়াশিং সুবিধা, স্বয়ংক্রিয় সর্টিং সরঞ্জাম ও নিজস্ব প্রকৌশল সক্ষমতা গড়ে তুলতে বিনিয়োগ করতে হয়েছে তাঁকে। এসব প্রযুক্তির মাধ্যমে কাঁচামাল ও তৈরি পণ্যের মান যাচাই করা হয়।
প্রতিষ্ঠানটি সারা দেশে ছড়িয়ে থাকা ভাঙারি ব্যবসায়ী ও স্বতন্ত্র সংগ্রহকারীদের নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিকের বোতল সংগ্রহ করে। এতে পুনর্ব্যবহার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি হয়েছে।
বর্তমানে কারখানাটিতে প্রায় ১০০ জন কর্মী কাজ করছেন। কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সামাজিক কমপ্লায়েন্সের মানদণ্ড অনুসরণ করা হয় বলে জানান আলভী।
শতভাগ সৌরবিদ্যুতে পরিচালনার লক্ষ্য
উৎপাদন কার্যক্রমের পরিবেশগত প্রভাব কমাতে কারখানাটিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে ২৩৯ কিলোওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে। চলতি মাসেই এর কাজ শেষ হওয়ার কথা।
আলভী বলেন, ‘স্থাপনকাজ শেষ হলে কারখানার বিদ্যুতের চাহিদার শতভাগ সৌরবিদ্যুৎ থেকে পূরণ করা সম্ভব হবে।’
এ ছাড়া কারখানায় ব্যবহৃত পানি পরিশোধন করে পুনরায় ব্যবহারের ব্যবস্থা রয়েছে। পরিবেশের ওপর উৎপাদন কার্যক্রমের প্রভাব কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে।
কাঁচামাল থেকে প্যাকেজিং পণ্য তৈরির পরিকল্পনা
বর্তমানে পুনর্ব্যবহৃত পিইটি ফ্লেকস উৎপাদন ও রপ্তানিতেই মনোযোগ দিচ্ছে পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। তবে ভবিষ্যতে এসব কাঁচামাল ব্যবহার করে সরাসরি প্যাকেজিং পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে আলভীর। এতে উৎপাদনের পাশাপাশি পণ্যে মূল্য সংযোজনের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, ‘আমরা এখন যে কাঁচামাল রপ্তানি করছি, ইউরোপের ক্রেতারা তা দিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজিং পণ্য তৈরি করছেন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশেও এসব পণ্য উৎপাদন করা সম্ভব। তবে এর জন্য বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হবে।’
নতুন এ খাতে প্রবেশের আগে বাজারের চাহিদা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও সংশ্লিষ্ট নীতিমালা পর্যালোচনা করছে প্রতিষ্ঠানটি। পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে নতুন বোতল, ফিল্মসহ বিভিন্ন ধরনের প্যাকেজিং পণ্য তৈরি করা সম্ভব।
আলভীর বিশ্বাস, এসব পণ্য উৎপাদনে গেলে দেশে মূল্য সংযোজন ও রপ্তানি আয় বাড়বে। প্লাস্টিক বর্জ্যকে রপ্তানিযোগ্য শিল্পপণ্যে রূপান্তরের মাধ্যমে আন্তর্জাতিক রিসাইক্লিং শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করাই তাঁর লক্ষ্য।
সোর্স- টিবিএস


