সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬   |   ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ


ফিনল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে নিয়ম। শিক্ষার্থীদের জীবনসঙ্গী ও পরিবারের সদস্যদের রেসিডেন্স পারমিট পেতে অপেক্ষা করতে হবে অন্তত এক বছর। একই সঙ্গে শিক্ষার্থীদের স্টুডেন্ট রেসিডেন্স পারমিটের ক্ষেত্রেও যুক্ত হচ্ছে ভাষাগত দক্ষতার শর্ত। এসব প্রস্তাব সংসদে পাঠিয়েছে দেশটির ক্ষমতাসীন ডানপন্থি জোট সরকার।

উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বিভিন্ন দেশ থেকে ১৩ থেকে ১৫ হাজার শিক্ষার্থী ফিনল্যান্ডে আসেন। তাদের প্রায় ৬২ শতাংশ বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। দেশটির ডানপন্থি জোট সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন আইনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই অংশ হিসেবে নাগরিকত্ব পরীক্ষার বিধানও চালু করা হয়েছে।

এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনসঙ্গী ও সন্তানদের রেসিডেন্স পারমিটের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আনার প্রস্তাব করা হয়েছে। সরকারের প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থীরা ফিনল্যান্ডে যাওয়ার অন্তত এক বছর পর তাদের পরিবারের সদস্যরা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার শর্তও পরিবর্তন করা হচ্ছে। ফিনল্যান্ডে বসবাসের জন্য ব্যাংক স্টেটমেন্টে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আইন ও সরকারি ডিক্রির মাধ্যমে নির্ধারণ করা হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই অর্থের সীমা প্রতি তিন বছর পরপর পর্যালোচনা করা হবে।

সরকারের দাবি, রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর বিভ্রান্তিকর প্রচারণা ও অতিরিক্ত ফি নেওয়ার কারণে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী ঋণগ্রস্ত ও আর্থিক সংকটে পড়ছেন।

এ ছাড়া শিক্ষার্থীদের রেসিডেন্স পারমিটের জন্য ভাষাগত দক্ষতার শর্তও যুক্ত করা হচ্ছে। সরকারের ভাষ্য, অনেকে ইউরোপের চাকরির বাজারে প্রবেশের পথ হিসেবে স্টুডেন্ট রেসিডেন্স পারমিট ব্যবহার করছেন।

ফিনল্যান্ডের শিক্ষা ও পেশাগত উন্নয়ন বিশেষজ্ঞ ড. মজিবুর দফতরি বলেন, শিক্ষার্থীসহ অন্যান্যদের পারিবারিক পুনর্মিলন ও রেসিডেন্স পারমিট নবায়নের ক্ষেত্রে আয়সীমা বাড়ানো হয়েছে। পারমানেন্ট রেসিডেন্সের ক্ষেত্রে ফিনল্যান্ডে বসবাসের সময়সীমা চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। এ ছাড়া ফিনিশ ভাষার দক্ষতার শর্ত যুক্ত করা হয়েছে। নাগরিকত্বের ক্ষেত্রে বসবাসের শর্তও পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করা হয়েছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, পরিবারের সদস্যদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে ২০২৭ সালের এপ্রিল থেকে। আর ভাষাগত দক্ষতাসহ অন্যান্য সংশোধিত নিয়ম কার্যকর হবে একই বছরের অক্টোবর থেকে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version