মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সমুদ্রপথে ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (৩রা মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্তের কথা জানান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকে রেকর্ড করা এই ভাষণে ম্যাক্রোঁ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ফ্রান্স একটি শক্তিশালী জোট গড়ার লক্ষে কাজ করছে। এই জোটের মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিপজ্জনক হয়ে ওঠা সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখা।”
ফরাসি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার উপক্রম হওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের ফলে সুয়েজ খাল ও লোহিত সাগরে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচল বর্তমানে চরম হুমকির মুখে পড়েছে। বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব এড়াতে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
বিশ্লেষকরা মনে করছেন, ভূমধ্যসাগরে ফ্রান্সের এই শক্তিশালী রণতরী মোতায়েন করার সিদ্ধান্তটি মূলত বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য পথ সচল রাখার একটি কৌশলগত পদক্ষেপ।


