পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রীয় এলাকায় ৫০ বর্গমিটারের একটি ফ্ল্যাট কিনতে গড় বেতনে ১৯ বছর কাজ করতে হয়। এ হিসাবে ইউরোপের যেসব শহরে বাড়ি কেনা সবচেয়ে কঠিন, সেগুলোর মধ্যে অন্যতম লিসবন।
নুমবিওর তথ্যের ভিত্তিতে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রকাশিত এক তুলনামূলক বিশ্লেষণে ইউরোপের ৫০টি দেশের বিভিন্ন শহরে ৫০ বর্গমিটারের একটি বাড়ি কিনতে কত বছরের গড় বেতন প্রয়োজন, তা তুলে ধরা হয়েছে।
পর্তুগালের আরেক শহর পোর্তোতেও একই আকারের একটি ফ্ল্যাট কিনতে গড় বেতনে প্রায় ১৩ দশমিক ৩ বছর কাজ করতে হয়।
তুলনায়, ইতালির মিলানে একই আকারের বাড়ি কিনতে লাগে প্রায় ১৯ বছরের গড় বেতন। অন্যদিকে, আমস্টারডাম ও বার্লিনে প্রয়োজন হয় এর অর্ধেকেরও কম সময়। মস্কোতে লাগে প্রায় ২৩ বছর, আর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় পাঁচ বছর।
কররেইও দা মানহা জানিয়েছে, পর্তুগালে বাড়ির দাম যেভাবে বাড়ছে, সে তুলনায় পরিবারের আয় বাড়ছে না। ফলে দেশটিতে বাড়ি কেনার সামর্থ্য ক্রমেই কমছে।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে পর্তুগালে বাড়ির দাম ও আয়ের অনুপাত সবচেয়ে বেশি বেড়েছে। এ সময়ে বৃদ্ধির হার ৬০ দশমিক ৮ শতাংশ।
বাড়ির দাম পারিবারিক আয়ের তুলনায় কতটা বেড়েছে, তা এই সূচকের মাধ্যমে বোঝা যায়। অর্থাৎ এক দশক আগের তুলনায় এখন বাড়ি কেনা কতটা কঠিন হয়েছে, সেটিও এতে প্রতিফলিত হয়।
পর্তুগালের আবাসন বাজার নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় কমিশনও। ২০২৬ সালের আবাসন পরিস্থিতি পর্যালোচনায় বাড়ির দাম বৃদ্ধি, পর্যাপ্ত সরবরাহের অভাব এবং বড় শহরগুলোতে আবাসনসংকটকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে পর্তুগালে বাড়ির দাম বেড়েছে ১২৪ শতাংশ। একই সময়ে বাড়ির দাম ও আয়ের অনুপাত বেড়েছে ৪৪ শতাংশ।
শুধু বাড়ি কেনার ক্ষেত্রেই নয়, আবাসন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে দেশটির অনেক মানুষ। পর্তুগালের প্রায় ৮ শতাংশ মানুষ পরিবারের মোট ব্যয়ের ৪০ শতাংশের বেশি আবাসন খাতে ব্যয় করেন।
জ্বালানি দারিদ্র্য
বাড়ির খরচের পাশাপাশি ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় জ্বালানি ব্যয় মেটাতেও সমস্যায় পড়ছেন পর্তুগালের অনেকে।
ইউরোস্ট্যাটের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, পর্তুগালের ১৫ দশমিক ৬ শতাংশ মানুষ ঘর পর্যাপ্ত উষ্ণ রাখতে পারেন না। ইইউতে এ হার গড়ে ৮ দশমিক ৮ শতাংশ।
এ হিসাবে ঘরের ভেতরে প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখতে সবচেয়ে বেশি সমস্যায় থাকা ইইউর দেশগুলোর মধ্যে পর্তুগালের অবস্থান পঞ্চম।
অর্থাৎ বাড়িভাড়া বা ঋণের কিস্তির বাইরেও বিদ্যুৎ ও জ্বালানির বিল পরিবারের বাজেটে বাড়তি চাপ তৈরি করছে।
বসবাসের জায়গা
পর্তুগালের প্রায় ৩৪ দশমিক ৫ শতাংশ মানুষ প্রয়োজনের তুলনায় বড় বাড়িতে বসবাস করেন। এ হার ইইউর গড় ৩৩ দশমিক ৪ শতাংশের চেয়ে সামান্য বেশি। সাধারণত পরিবারের সদস্যসংখ্যার তুলনায় বেশি জায়গা রয়েছে—এমন বাড়িকে ‘আন্ডার-অকুপাইড’ বলা হয়।
অন্যদিকে, অতিরিক্ত মানুষের বসবাসের কারণে বাড়িতে জায়গার সংকটের ক্ষেত্রে পর্তুগালের অবস্থা ইউরোপের গড়ের চেয়ে ভালো।
দেশটির প্রায় ১২ শতাংশ মানুষ পরিবারের প্রয়োজনের তুলনায় ছোট বাড়িতে বসবাস করেন। ইইউতে এ হার ১৬ দশমিক ৮ শতাংশ।
ইউরোস্ট্যাটের বিশ্লেষণে ইউরোপের বিভিন্ন দেশে অতিরিক্ত মানুষের বসবাসের কারণে জায়গার সংকট এবং প্রয়োজনের তুলনায় বড় বাড়িতে বসবাসের চিত্র তুলে ধরা হয়েছে। সন্তানরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরও পরিবারের পুরোনো বাড়িতে থেকে যাওয়া বয়স্ক ব্যক্তিদের মধ্যে প্রয়োজনের তুলনায় বড় বাড়িতে বসবাসের প্রবণতা বেশি দেখা যায়।


