পর্তুগালের কট্টর ডানপন্থী রাজনীতিক নেতা আন্দ্রে ভেন্তুরার করা আপিল খারিজ করে দিয়েছে লিসবন আদালত এবং তার নির্বাচনী প্রচারণার বিতর্কিত পোস্টার সরানোর আগের নির্দেশ বহাল রেখেছেন।
আদালতের রায়ে বলা হয়েছে, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা অন্য মানুষের মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করতে পারে না। বিচারকদের মতে, সংশ্লিষ্ট পোস্টারগুলো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে অপমানজনক বার্তা বহন করেছিল, যা মানবিক মর্যাদার পরিপন্থী।
এই মামলা দায়ের করেছিলেন ছয়জন অভিযোগকারী, যারা দাবি করেন যে ওই পোস্টারগুলো তাদের ব্যক্তিগতভাবে আঘাত করেছে এবং একটি জাতিগত সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে। এর আগে লিসবনের দেওয়ানি আদালত পোস্টার সরানোর নির্দেশ দিয়েছিল, যার বিরুদ্ধে ভেন্তুরা আপিল করেছিলেন।
আপিলে ভেন্তুরা যুক্তি দেন যে এটি তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার অংশ। তবে আপিল আদালত সেই যুক্তি গ্রহণ করেনি এবং জানিয়েছে, মত প্রকাশের অধিকার থাকলেও তা আইন ও মৌলিক অধিকারের সীমার মধ্যে থাকতে হবে।
এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন প্রসিকিউশন দপ্তর একই বিষয়ে করা ফৌজদারি অভিযোগ খারিজ করার ঘোষণা দিয়েছে। তবুও দেওয়ানি মামলায় আদালত পোস্টার সরানোর নির্দেশ বহাল রেখেছে।


