যুক্তরাজ্য সরকার ২০২৮ সালের এপ্রিল থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর আরোপিত বিতর্কিত কার্বন ট্যাক্স বা ‘কার্বন প্রাইস সাপোর্ট’ পুরোপুরি বাতিলের ঘোষণা দিয়েছে। ইরান ও ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং ব্রিটিশ নাগরিকদের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ কমাতে ট্রেজারি সেক্রেটারি ড্যান টমলিনসন পার্লামেন্টে এই সিদ্ধান্তের কথা জানান।
মূলত ২০১৩ সালে কয়লাভিত্তিক বিদ্যুৎ নিরুৎসাহিত করতে এই ট্যাক্স চালু করা হয়েছিল। তবে ২০২৪ সালে যুক্তরাজ্যের সর্বশেষ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় এবং গ্রিডে কয়লার অস্তিত্ব না থাকায় সরকার এখন এই বাড়তি ট্যাক্সটিকে ‘অপ্রয়োজনীয়’ ও ‘অকেজো’ মনে করছে।
বিশ্লেষকদের মতে, এই ট্যাক্স প্রত্যাহারের ফলে একটি গড়পড়তা ব্রিটিশ পরিবারের বার্ষিক বিদ্যুৎ বিল প্রায় ২১ পাউন্ড হ্রাস পাবে। তবে দীর্ঘমেয়াদী এই স্বস্তির খবরের মাঝেও জুলাই মাস নিয়ে দুশ্চিন্তা কাটছে না।
জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ‘অফজেম’ এর নতুন প্রাইস ক্যাপ অনুযায়ী, জুলাই মাস থেকে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও ২০২৮ সাল পর্যন্ত কার্বন ট্যাক্স প্রতি টনে ১৮ পাউন্ডে বহাল থাকবে, তবুও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং কয়লামুক্ত গ্রিড নিশ্চিত হওয়ায় সরকার অদূর ভবিষ্যতে সাধারণ মানুষ ও শিল্পকারখানার ওপর জ্বালানি ব্যয়ের চাপ কমিয়ে আনার পথে হাঁটছে।


