পর্তুগালের রাজধানী লিসবনে দেশটির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান। সোমবার (১৯ অক্টোবর) লিসবনের বেলেম প্রাসাদে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
লিসবনের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচয়পত্র পেশের পর পর্তুগালের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত কামরুল হাসান। এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারপ্রধানের পক্ষ থেকে পর্তুগালের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাতে ঢাকায় পর্তুগালের পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশন স্থাপনের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করবে, প্রাতিষ্ঠানিক সম্পর্ক গভীর করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখবে।
এ ছাড়া দ্বিপক্ষীয় গতিশীলতা কাঠামোর আওতায় সহযোগিতা কার্যকর করা, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন উৎসাহিত করা এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সরাসরি বিমান যোগাযোগ চালুর আগ্রহও প্রকাশ করেন রাষ্ট্রদূত।
অন্যদিকে, পর্তুগালের রাষ্ট্রপতি দেশটিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। পর্তুগিজ সমাজে বাংলাদেশিদের অন্তর্ভুক্তির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক বিষয়াবলি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিময় বাড়ানোর বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করা এবং দীর্ঘদিনের বন্ধুত্বকে পারস্পরিক কল্যাণে বাস্তব ফলাফলে রূপ দিতে বাংলাদেশ দূতাবাস কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছে।


