ইতালির পর্যটন নগরী টাস্কানিতে গত ২৪ ঘণ্টা ধরে জ্বলতে থাকা ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির জরুরি সেবা সংস্থা। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শুক্রবার পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ জন বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ। দাবানলের কবলে পড়ে পিসা ও লুকা শহরের মধ্যবর্তী পার্বত্য অঞ্চলের অন্তত ৮০০ হেক্টরের বেশি বনভূমি ইতিমধ্যে ভস্মীভূত হয়েছে।
সান জুলিয়ানো টার্মে সিটি কাউন্সিল জানিয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে আগুন এখন দ্রুত আসকিয়ানো গ্রামের দিকে অগ্রসর হচ্ছে। আগুন নেভাতে দেশটির ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় আকাশপথ থেকে পানি ছিটাতে তিনটি বিশেষ ‘কানাডায়ার’ বিমান ও একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্থলপথে কাজ করছে ১৯টি ফায়ার ইঞ্জিন।
বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য দুটি জিমনেশিয়ামে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সাধারণত ইতালিতে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে দাবানল দেখা দিলেও এবার সময়ের অনেক আগেই আগুনের সূত্রপাত হয়েছে। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী খরাই এই আগাম বিপর্যয়ের মূল কারণ। বর্তমানে আসকিয়ানো ও পার্শ্ববর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
তথ্যসূত্র: সিস নোটিসিয়াস


