ইউরোপের বিমানবন্দরগুলোতে নতুন বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা চালুর পর সৃষ্ট চরম বিশৃঙ্খলা এড়াতে কঠোর নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইতালি এবং পর্তুগাল। মে মাসের ছুটি এবং আসন্ন গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে পর্যটকদের প্রবেশ সহজ করতে তারা গ্রিসের পথ অনুসরণ করার পরিকল্পনা করছে।
এর আগে গ্রিস ব্রিটিশ পর্যটকদের জন্য এই সিস্টেমটি সাময়িকভাবে স্থগিত করেছিল যাতে পর্যটন খাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।
বর্তমানে ‘এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম’ এর আওতায় নন-ইইউ দেশগুলো থেকে আসা পর্যটকদের আঙুলের ছাপ এবং ফেসিয়াল স্ক্যান করতে গিয়ে বড় বিমানবন্দরগুলোতে ৪ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।
সম্প্রতি মিলান লিনাতে বিমানবন্দরে এই দীর্ঘ লাইনের কারণে একটি ফ্লাইটের ১৫৬ জন যাত্রীর মধ্যে ১২২ জনই সময়মতো পৌঁছাতে না পেরে ফ্লাইট মিস করেছেন। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে ইতালি এবং পর্তুগাল ডিজিটাল মনিটরিংয়ের বদলে পুনরায় পুরোনো ‘পাসপোর্ট স্ট্যাম্পিং’ পদ্ধতিতে ফিরে যাওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। ধারণা করা হচ্ছে, স্পেন, ফ্রান্স এবং ক্রোয়েশিয়াও পর্যটকদের ভোগান্তি কমাতে একই পথে হাঁটবে।
তথ্যসূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড


