বাংলাদেশে চাঞ্চল্যকর রামিসা হত্যা’র সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল’-এর উদ্যোগে বাংলাদেশ দূতাবাসে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে দূতালয় প্রধান জনাব গোলাম সারোয়ারের কাছে এই স্মারকলিপি জমা দেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা রামিসা হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি তোলেন।
স্মারকলিপি প্রদানকালে মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উপদেষ্টা রনি হোসাইন, খলিলুর রহমান সাগর, টিটু আহমেদ, আলি খান রাসেল, শহিদুল ইসলাম, এসবি খোকন এবং সাইফুল ইসলাম উজ্জ্বলসহ সংগঠনের আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় প্রবাসী নেতৃবৃন্দ ও বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ও অমানবিক ঘটনার সঠিক বিচার যদি সময়মতো নিশ্চিত করা না হয়, তবে সমাজে অপরাধীদের সাহস এবং অপরাধ প্রবণতা দুই-ই আরও অনেক বৃদ্ধি পাবে। তাই দেশের বিচার ব্যবস্থার ওপর প্রবাসীদের আস্থা বজায় রাখতে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়া জরুরি। স্মারকলিপি গ্রহণকালে দূতাবাসের কর্মকর্তারা প্রবাসীদের এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে অত্যন্ত গুরুত্বের সাথে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।


