তুরস্কে সদ্য সমাপ্ত হওয়া নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-র শীর্ষ সম্মেলনের মাঠের সামরিক ও ভূ-রাজনৈতিক আলোচনাকে ছাপিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তির। তুরস্কের মুসলিমদের সহনশীলতা, আতিথেয়তা এবং আজানের ধ্বনি নিয়ে তাঁর করা একটি ইতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছে।
তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি সাফাক এর অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, তুরস্ক সফর শেষে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সে দেশের মুসলিমদের ধর্মীয় সহনশীলতা ও আন্তরিক আতিথেয়তায় গভীরভাবে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে তুরস্কের ঐতিহ্যবাহী আজানের ধ্বনি তাঁর কাছে অত্যন্ত ‘অসাধারণ’ ও হৃদয়স্পর্শী লেগেছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এই উদার ও সহনশীল মানসিকতার প্রশংসা করছেন, যদিও নেটিজেনদের একাংশ এই বক্তব্যের সত্যতা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সামরিক সম্মেলনের ফাঁকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বিশ্বমঞ্চে তুরস্কের চিরাচরিত ধর্মীয় সম্প্রীতি ও উদার সংস্কৃতির এক ইতিবাচক চিত্র তুলে ধরেছে।
তথ্যসূত্র: নিউজ ২৪


