পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) এ উপলক্ষে দূতাবাসে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ লায়লা মুনতাজেরী দীনা।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।
পরবর্তীতে জুলাই শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সভায় বক্তারা বিগত সরকারের দুঃশাসন এবং ছাত্র-জনতার ওপর চালানো নির্মমতার চিত্র তুলে ধরেন।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ লায়লা মুনতাজেরী দীনা তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও স্বচ্ছ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি দেশ গঠনে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রবাসীদের সামনে তুলে ধরেন এবং জুলাই শহীদদের চেতনা ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


