ফ্রান্সের দর্দোন অঞ্চলের পেরিগোর কাছে ত্রেলিসাক শহরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে পার্ক করা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
স্থানীয় সময় সোমবার রাত ২টা ২৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের একজন ২৩ বছর বয়সী মোটরসাইকেলচালক এবং অপরজন ২২ বছর বয়সী নারী আরোহী। তারা পেরিগো থেকে ত্রেলিসাকের দিকে যাচ্ছিলেন।
পেরিগোর দমকলকর্মী ও জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই অচেতন অবস্থায় পান। পরে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
ত্রেলিসাকের মেয়র এরিক ফালুস সোমবার সকালে স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। তিনি ভোর প্রায় ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করেন।
তিনি বলেন, সংঘর্ষের শক্তি এতটাই বেশি ছিল যে ধাক্কা খাওয়া প্রথম গাড়িটি গিয়ে তার পেছনে থাকা আরেকটি গাড়িকে আঘাত করে।
মেয়রের মতে, ওই সড়কে অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তিনি জানান, এর আগেও ওই সড়কে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।


