ময়মনসিংহের কেন্দুয়া উপজেলায় কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে এনজিও ইয়ুথ প্ল্যানেটের সঙ্গে অংশীদারত্ব নবায়ন করেছে বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস।
সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে ফ্রান্সের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা এবং ইয়ুথ প্ল্যানেটের নির্বাহী পরিচালক এ বি এম মাহমুদুল হাসান। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তারা চুক্তিতে স্বাক্ষর করেন।
দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রকল্পটির প্রথম ধাপের ধারাবাহিকতায় নতুন করে এই অংশীদারত্বের মাধ্যমে কেন্দুয়া উপজেলায় কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিষয়ক শিক্ষা জোরদার করা হবে। পাশাপাশি মাসিক স্বাস্থ্যবিধি-সংক্রান্ত সহায়তা এবং কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবায় তাদের প্রবেশাধিকার আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
বিশ্বজুড়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিতে ফ্রান্সের প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে দূতাবাস।


