২০২৬ সালেও পর্তুগালের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের শীর্ষস্থান ধরে রেখেছে দেশটির বিদ্যুৎ কোম্পানি ‘ইডিপি’। এর ঠিক পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে জ্বালানি জায়ান্ট ‘গাল্প এনার্জিয়া’ এবং বহুজাতিক রিটেইল গ্রুপ ‘জেরোনিমো মার্টিন্স’ । পাঁচ শতাধিক ব্র্যান্ডের আর্থিক ও ব্যবসায়িক তথ্য বিশ্লেষণ করে প্রস্তুত করা পরামর্শক প্রতিষ্ঠান ‘অনস্ট্র্যাটেজি’র বার্ষিক ১০০ শীর্ষ পর্তুগিজ ব্র্যান্ডের তালিকায় এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, গত এক বছরে ইডিপির ব্র্যান্ড মূল্য ১০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১৬ কোটি ১০ লাখ (৩.১৬১ বিলিয়ন) ইউরোতে পৌঁছেছে। দ্বিতীয় স্থানে থাকা গাল্প এনার্জিয়ার ব্র্যান্ড মূল্য ১৬.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫১ কোটি ৯০ লাখ (২.৫১৯ বিলিয়ন) ইউরোতে এবং ১৭.৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে জেরোনিমো মার্টিন্সের ব্র্যান্ড মূল্য পৌঁছেছে ১৮৯ কোটি (১.৮৯০ বিলিয়ন) ইউরোতে। শীর্ষ তিনটি প্রতিষ্ঠানই তাদের আগের বছরের অবস্থান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। ২০২৫ সালে ইডিপির ব্র্যান্ড মূল্য ছিল ২৮৭ কোটি ইউরো, গাল্পের ২১৬ কোটি ৮০ লাখ ইউরো এবং জেরোনিমো মার্টিন্সের ছিল ১৬০ কোটি ৬০ লাখ ইউরো।
অনস্ট্র্যাটেজির মতে, মূল্যস্ফীতি স্থিতিশীল হওয়া, ভোক্তাদের আস্থা বৃদ্ধি এবং বিভিন্ন খাতের উন্নত ব্যবসায়িক পারফরম্যান্সের কারণে শীর্ষ ব্র্যান্ডগুলোর আর্থিক মূল্যে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।
ব্যাংকিং ও খুচরা (রিটেইল) খাতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। দেশটির দুই শীর্ষ ব্যাংক ‘কাইশা জেরাল দে দেপোশিতোস’ এবং ‘মিলেনিয়াম বিসিপি’ উভয়েরই ব্র্যান্ড মূল্য ২৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিমা কোম্পানি ‘ফিডেলিদাদে’র ব্র্যান্ড মূল্য বেড়েছে ২৪.১ শতাংশ। রিটেইল খাতে ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা ‘ওরতেন’-এর ব্র্যান্ড মূল্য বেড়েছে ২৭ শতাংশ এবং সুপারমার্কেট চেইন ‘কন্তিনেন্তে’র মূল্য বেড়েছে ২২.৮ শতাংশ।
পর্তুগালের শীর্ষ দশটি মূল্যবান ব্র্যান্ডের তালিকায় রয়েছে—ইডিপি, গাল্প এনার্জিয়া, জেরোনিমো মার্টিন্স, কাইশা জেরাল দে দেপোশিতোস, মিলেনিয়াম বিসিপি, কন্তিনেন্তে, পিঙ্গো দোসে, এমইও, ইডিপি রেনোভাভেইস এবং বাঙ্কো বিপিআই।
আন্তর্জাতিক রয়্যালটি রিলিফ পদ্ধতির ওপর ভিত্তি করে প্রস্তুত এই র্যাঙ্কিংয়ে ব্র্যান্ডগুলোর ভবিষ্যৎ আর্থিক সম্ভাবনা, শক্তি ও ব্যবসায়িক ফলাফল বিশ্লেষণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট ব্র্যান্ড সংক্রান্ত আন্তর্জাতিক আইএসও (ISO) মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ।


