জার্মানিতে বসবাসরত মুসলিম অভিবাসীদেরও হলোকাস্ট বা ইহুদি গণহত্যার ঐতিহাসিক দায় ও দায়িত্ব স্বীকার করতে হবে। তা না করলে তাঁদের জার্মানি ছেড়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
শুক্রবার (৬ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে ইহুদি ক্রীড়াবিদদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জার্মান প্রেস এজেন্সির (ডিপিএ) বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বার্লিনার জাইটুং এ খবর জানিয়েছে।
বার্লিনে চ্যান্সেলরের কার্যালয়ে ২০২৬ সালের ‘মাকাবিয়া’ ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরায়েলে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ইহুদিদের এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। এটি ‘ইহুদি অলিম্পিক’ নামেও পরিচিত।
অনুষ্ঠানে এক বাস্কেটবল প্রশিক্ষক মের্ৎসকে জানান, তাঁর দলের ইহুদি খেলোয়াড়েরা জার্মানির রাস্তায় ডেভিডের তারকা চিহ্নসংবলিত লাল মাকাবি ট্রেনিং জ্যাকেট পরে বের হতে ভয় পান। তাঁদের আশঙ্কা, এ কারণে হামলার শিকার হতে পারেন তাঁরা।
এর জবাবে মের্ৎস জার্মানির সাবেক প্রেসিডেন্ট রিশার্ড ফন ভাইৎসেকারের ১৯৮৫ সালে দেশটির পার্লামেন্টে দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গ টানেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ওই ভাষণে নাৎসি বাহিনীর অপরাধ এবং লাখ লাখ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যার ঐতিহাসিক দায় ও দায়িত্বের কথা তুলে ধরেছিলেন ভাইৎসেকার।
১৯৮৫ সালের ৮ মে দেওয়া ওই ভাষণে তিনি বলেছিলেন, ‘অতীতে যা ঘটেছিল, তার জন্য তরুণেরা দায়ী নয়; কিন্তু ইতিহাসে সেই ঘটনার পরিণতি কী হবে, তার জন্য তারা দায়ী।’
মের্ৎস বলেন, ভাইৎসেকারের এই কথাগুলো তাঁর কাছে পাথরে খোদাই করা সত্যের মতো অটল। এই ঐতিহাসিক দায়িত্ব জার্মানির পুরো সমাজের জন্য প্রযোজ্য।
বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইসলামি দেশগুলো থেকে যাঁরা জার্মানিতে আসেন, তাঁদের ক্ষেত্রেও আমাদের দেশের এই ঐতিহাসিক দায়িত্ব একইভাবে প্রযোজ্য। আর কেউ যদি এই দায়িত্ব মেনে না নেন, তাহলে তাঁকে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে।’
মুসলিম অভিবাসীদের একাংশের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রসঙ্গেই মের্ৎস এ মন্তব্য করেন।


