সরকারের আনুষ্ঠানিক সুপারিশের পর ১১ নভেম্বরের সব কার্যক্রম বাতিল; তীব্র বাতাস ও বন্যার ঝুঁকি।
পর্তুগাল সরকারের আনুষ্ঠানিক সুপারিশের প্রেক্ষিতে রাজধানী লিসবনে চলমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’-এর দ্বিতীয় দিনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘চার্লস’ পর্তুগাল অতিক্রম করার সময় চরম বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে ১১ নভেম্বরের নির্ধারিত দ্বিতীয় দিনের পুরো আয়োজন বাতিল করা হয়।
এক বিবৃতিতে ওয়েব সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পর্তুগাল সরকার আনুষ্ঠানিকভাবে ওয়েব সামিটকে অবহিত করেছে যে, ঘূর্ণিঝড় চার্লসের কারণে সৃষ্ট ঝুঁকি—যার মধ্যে রয়েছে উচ্চ জোয়ারের ফলে আকস্মিক বন্যা, গণপরিবহণ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন এবং তীব্র বাতাসে বাইরের অস্থায়ী কাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা—বিবেচনা করে ওয়েব সামিটের দ্বিতীয় দিনের কার্যক্রম চালানো উচিত হবে না।’


