যুক্তরাজ্যের ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল’ (এইচপিআই) ভিসার জন্য যোগ্য বিশ্বের ৮২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এ ভিসায় যুক্তরাজ্যে বসবাস ও কাজের সুযোগ পাবেন। তবে তালিকায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।
চলতি বছরের নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা এইচপিআই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
এই ভিসার আওতায় যুক্তরাজ্যের বাইরের যোগ্য বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা দেশটিতে গিয়ে কাজ করতে কিংবা চাকরি খুঁজতে পারবেন। এ জন্য আবেদনের আগে চাকরির প্রস্তাব বা নিয়োগকর্তার স্পনসরশিপের প্রয়োজন হয় না।
তবে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করলেই ভিসা পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীদের যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে। এর মধ্যে ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ দেওয়ার শর্ত রয়েছে।


