গোপনে একসঙ্গে একাধিক সরকারি চাকরি করে পূর্ণাঙ্গ বেতন নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে এক ব্রিটিশ-বাংলাদেশি সরকারি কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন। কাশিম চৌধুরী (৫৬) নামের ওই ব্যক্তিকে প্রতারণার ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব লন্ডনের বাসিন্দা কাশিম ২০২৩ সালে একসঙ্গে অন্তত পাঁচটি সরকারি চাকরি করতেন। এসব চাকরির মাধ্যমে প্রতারণা করে তিনি সরকারি অর্থ থেকে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি নিয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ, কাশিম পরিকল্পিতভাবে অসততার আশ্রয় নিয়ে প্রচলিত নিয়োগব্যবস্থার সুযোগের অপব্যবহার করেছেন। সাত ঘণ্টা আলোচনার পর জুরি সর্বসম্মতিক্রমে তাঁকে মিথ্যা তথ্য দেওয়ার আটটি এবং তথ্য গোপন করার একটি—মোট নয়টি প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত করে।
বিচারক বলেছেন, কাশিমকে অত্যন্ত কঠোর সাজা ভোগ করতে হবে। অপরাধের গুরুত্ব এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় তাঁর জামিনের আবেদনও নাকচ করা হয়েছে।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) গুরুতর অর্থনৈতিক ও সংগঠিত অপরাধবিষয়ক বিশেষ প্রসিকিউটর সারাহ মেলো বলেন, কাশিম জানতেন, একই সময়ে একাধিক পূর্ণকালীন সরকারি পদে থাকা আইনগতভাবে অনুমোদিত নয়। তারপরও তিনি গোপনে একাধিক চাকরি করে গেছেন।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কাশিম একসঙ্গে সর্বোচ্চ আটটি পূর্ণকালীন সরকারি চাকরি করেছেন। এসব চাকরি থেকে তাঁর মোট আয় ছিল ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।
প্রসিকিউশন আদালতকে জানায়, চাকরির আবেদন করার সময় কাশিম নিজের কর্মসংস্থান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। একাধিক সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করলেও তিনি অন্য নিয়োগকর্তাদের কাছে নিজের বিদ্যমান চাকরির তথ্য গোপন রাখেন।
বাড়িতে বসে কাজের সুযোগকে কাজে লাগিয়ে তিনি এই প্রতারণা চালিয়ে যান। পূর্ব লন্ডনে ডিমেনশিয়ায় আক্রান্ত মায়ের দেখাশোনার প্রয়োজনের কথা জানিয়ে নিয়োগকর্তাদের কাছ থেকে পুরোপুরি বাড়িতে বসে কাজ করার অনুমতি নিয়েছিলেন তিনি।
তবে মায়ের দেখাশোনার জন্য কাজের চাপ কমানোর বদলে একের পর এক নতুন চাকরি নিতে থাকেন কাশিম। ২০২৩ সালের বসন্তে তাঁর কর্মস্থলের তালিকায় ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ (ডেফরা), স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি, ব্যবসা ও বাণিজ্য বিভাগ, ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ সময় তাঁর সব চাকরি মিলিয়ে সাপ্তাহিক কর্মঘণ্টা দাঁড়ায় ১৮৩ ঘণ্টায়। অথচ এক সপ্তাহে মোট ১৬৮ ঘণ্টা থাকে।
২০২৩ সালের সেপ্টেম্বরে সরকারি চাকরি ছেড়ে দেন কাশিম। পরে ২০২৪ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের তথ্য যাচাইয়ের সময় তাঁর প্রতারণার বিষয়টি শনাক্ত হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বেতনসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে তাঁর একাধিক চাকরির বিষয়টি সামনে আসে।
আদালতে আত্মপক্ষ সমর্থনে কাশিম বলেন, অতীতে চাকরি হারানোর অভিজ্ঞতা এবং জীবিকা নিয়ে অনিশ্চয়তার কারণে তিনি একাধিক চাকরি নিয়েছিলেন। তবে প্রসিকিউশনের দাবি, তাঁর কর্মকাণ্ড ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত প্রতারণা। সরকারি অর্থ উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


