তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচনের লক্ষ্যে যোগ্য প্রবাসীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচন নীতিমালা, ২০১৮’ অনুযায়ী ২০২৭ সালের জন্য মোট ১৩৫ জন প্রবাসীকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হবে। প্রবাসী কল্যাণ ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রথম ক্যাটাগরিতে বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী হিসেবে সর্বোচ্চ ৫০ জন নির্বাচিত হবেন। ২০২৫-২০২৬ অর্থবছরে দেশের শিল্পখাতে মূলধন হিসেবে ন্যূনতম ৩ লাখ ডলার বা তার বেশি বৈদেশিক মুদ্রা সরাসরি বিনিয়োগকারী প্রবাসীরা এই ক্যাটাগরির জন্য বিবেচিত হবেন।
দ্বিতীয় ক্যাটাগরিতে বাংলাদেশে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সর্বোচ্চ ৭৫ জন নির্বাচিত হবেন। এ ক্ষেত্রে ২০২৫-২০২৬ অর্থবছরে বৈধ ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে অন্তত ১ লাখ ডলার সমপরিমাণ অর্থ পাঠাতে হবে।
তৃতীয় ক্যাটাগরিতে বিদেশে বাংলাদেশি পণ্য আমদানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে সর্বোচ্চ ১০ জন নির্বাচিত হবেন। ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ন্যূনতম ৩ লাখ ডলার সমপরিমাণ মূল্যের পণ্য আমদানির সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে হবে। এ ক্ষেত্রে প্রসিডস রিয়ালাইজেশন সার্টিফিকেটের (পিআরসি) মাধ্যমে পণ্য রপ্তানি এবং অধিক মূল্য সংযোজনসম্পন্ন পণ্য আমদানিকারকদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা (বাংলাদেশ সময়) পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের (https://stg-cip.oep.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, বিদেশে অবস্থিত কোনো বাংলাদেশ দূতাবাস কিংবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরাসরি (হার্ড কপি আকারে) কোনো আবেদন জমা নেওয়া হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। এছাড়া কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন কিংবা এ সংক্রান্ত কার্যক্রম বাতিল বা স্থগিত করার অধিকার সংরক্ষণ করে।
দেশের অর্থনীতিতে বিনিয়োগ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং বাংলাদেশি পণ্যের বাজার তৈরিতে প্রবাসীদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার প্রতিবছর এই সিআইপি নির্বাচন করে থাকে।


