আগামী ২২ এপ্রিল ২০২৬ থেকে যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পোষা প্রাণী নিয়ে ভ্রমণের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, পোষা প্রাণীর ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হবে, যা নিয়মিত ভ্রমণকারী ব্রিটিশ বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নতুন নির্দেশনায় স্পষ্ট জানানো হয়েছে যে, যুক্তরাজ্যের বাসিন্দারা এতদিন যে ‘ইইউ পেট পাসপোর্ট’ ব্যবহার করে ইউরোপে প্রবেশ করতেন, তা আর গ্রহণযোগ্য হবে না। আগে যেকোনো সময়ে বা যেকোনো দেশ থেকে এই পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকলেও, ২২ এপ্রিল থেকে তা পুরোপুরি অকার্যকর হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে যারা যুক্তরাজ্য থেকে স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে কুকুর, বিড়াল বা ফেরেট নিয়ে যাতায়াত করেন, তাদের জন্য এই পরিবর্তন বড় প্রভাব ফেলবে।
ভ্রমণকারীদের এখন থেকে ভ্রমণের আগে নতুনভাবে ‘অ্যানিমাল হেলথ সার্টিফিকেট’ (AHC) সংগ্রহ করতে হবে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভ্রমণের অন্তত কয়েক সপ্তাহ আগেই অনুমোদিত ভেটেরিনারিয়ানের (পশু চিকিৎসক) কাছ থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সনদ নিশ্চিত করতে হবে। সঠিক কাগজপত্র না থাকলে সীমান্তে পোষা প্রাণীসহ প্রবেশে বাধা, দীর্ঘসূত্রিতা বা এমনকি ফিরিয়ে দেওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন মালিকরা। তাই ঝামেলামুক্ত ভ্রমণের জন্য নির্ধারিত সময়ের আগেই সব নথিপত্র প্রস্তুত রাখা জরুরি।


