ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বসবাসরত অভিবাসীদের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অন মাইগ্রেশন’ এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ ইইউ ব্লকে মোট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৪২ লক্ষে, যা আগের বছরের তুলনায় প্রায় ২১ লক্ষ বেশি।
গবেষণায় দেখা গেছে, গত ১৫ বছরে ইউরোপে অভিবাসনের হার অবিশ্বাস্যভাবে বেড়েছে। ২০১০ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ কোটি। গবেষকদের মতে, জার্মানি এখনও অভিবাসীদের প্রধান গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। দেশটিতে বর্তমানে প্রায় ১ কোটি ৮০ লক্ষ বিদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন, যাদের বড় একটি অংশই কর্মক্ষম।
অন্যদিকে, স্পেনে অভিবাসী বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত এক বছরেই দেশটিতে নতুন করে ৭ লক্ষ মানুষ যুক্ত হয়েছেন। এছাড়াও লুক্সেমবার্গ ও মাল্টার মতো ছোট দেশগুলোতে স্থানীয় জনসংখ্যার তুলনায় অভিবাসীদের অনুপাত এখন অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল জনশক্তি ইউরোপের শ্রমবাজার ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপে আশ্রয়প্রার্থীদের প্রায় তিন-চতুর্থাংশই আবেদন করেছেন জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সে। এর মধ্যে প্রায় ২৭ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়ে মানবিকতার শীর্ষে রয়েছে জার্মানি। তবে অভিবাসনের এই ক্রমবর্ধমান হার দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক কাঠামোতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।


