রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে রাশিয়ার হয়ে কাজ করার সময় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মুহিবুর রহমান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বছর দেশে ফিরে বিয়ে করার পর তিনি পুনরায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে মুহিবুরের স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুহিবুর রহমান প্রথমে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মেক্সিকোতে গিয়েছিলেন। সেখানে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ার পর তিনি রাশিয়ায় চলে যান এবং গত কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন। তাঁর ছোট ভাই হাবিবুর রহমান জানান, মুহিবুর রাশিয়ান সেনাবাহিনীতে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। রাশিয়ায় অবস্থানরত মুহিবুরের এক সহকর্মী মেহেদী হাসান পরিবারকে জানিয়েছেন যে, প্রায় এক সপ্তাহ আগে একটি বাঙ্কারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই মুহিবুর প্রাণ হারান। তবে নিহতের সঠিক সময় বা তারিখ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো দাপ্তরিক তথ্য পাওয়া যায়নি।
আমতৈল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাহিদ হোসেন এবং মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি তারা অবগত হয়েছেন। ছেলের অকাল মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে মুহিবুরের পরিবারে শোকের মাতম চলছে। নিহত যুবকের মরদেহ দ্রুত সরকারি সহযোগিতায় দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন শোকাতুর স্বজনরা। আন্তর্জাতিক এই যুদ্ধের ডামাডোলে আরও এক বাংলাদেশি প্রাণ হারানোয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


