ফ্রান্সে হাইস্পিড রেলসেবায় নতুন প্রতিযোগী হিসেবে আসছে দেশটির নতুন রেল কোম্পানি ভেলভেট। প্যারিস থেকে বোর্দো, নান্তে ও আঁজেসহ বিভিন্ন শহরে হাইস্পিড ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় প্রথম অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৮ সাল থেকে সেবা চালুর পরিকল্পনা রয়েছে তাদের।
ফরাসি রাষ্ট্রীয় রেল কোম্পানি এসএনসিএফের সাবেক এক নির্বাহী র্যাচেল পিকার্ড প্রতিষ্ঠিত ভেলভেট জানিয়েছে, ফ্রান্সের আটলান্টিক উপকূলের বিভিন্ন গন্তব্যে প্যারিস থেকে বছরে অতিরিক্ত ১ কোটি আসন যুক্ত করতে চায় তারা। এসব রুটে সরাসরি যাত্রার গড় সময় হবে প্রায় দুই ঘণ্টা।
নতুন এই সেবা চালু হলে যাত্রীদের সামনে আরও বেশি বিকল্প তৈরি হবে। একই সঙ্গে ভাড়ায় প্রতিযোগিতা তৈরি হয়ে টিকিটের দাম কমার সম্ভাবনাও রয়েছে।
তবে চূড়ান্তভাবে ট্রেন চালু করতে এখনো ফ্রান্সের রেল নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নিরাপত্তা সনদ পেতে হবে ভেলভেটকে। পরিবহন মন্ত্রণালয় থেকে প্রাথমিক অনুমোদন পেলেও নিরাপত্তা সনদ ছাড়া বাণিজ্যিক সেবা শুরু করা সম্ভব নয়।
ইউরোপীয় ইউনিয়নের বাজার উদারীকরণ উদ্যোগের অংশ হিসেবে ২০২০ সালে ফ্রান্সের যাত্রীবাহী রেল খাত প্রতিযোগিতার জন্য উন্মুক্ত করা হয়। তবে এখনো এই বাজারে এসএনসিএফের আধিপত্যই সবচেয়ে বেশি।
ভেলভেট ছাড়াও ফরাসি স্টার্ট-আপ ল্য ত্রাঁ, স্পেনের রেনফে এবং ইতালির ত্রেনিতালিয়া এসএনসিএফের সঙ্গে প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে। ত্রেনিতালিয়া প্যারিস-লন্ডন রুটে ইউরোস্টারের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে।
ভেলভেটের প্রেসিডেন্ট র্যাচেল পিকার্ড বলেন, নতুন লাইসেন্স পাওয়া ট্রেন, কর্মী ও পরিচালন ব্যবস্থা প্রস্তুত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ফরাসি একটি বিনিয়োগ তহবিল থেকে ইতোমধ্যে ১ বিলিয়ন ইউরো অর্থায়ন পেয়েছে ভেলভেট। এর বড় একটি অংশ ব্যয় হবে আলস্টমের কাছ থেকে ১২টি ‘অ্যাভেলিয়া হরাইজন’ হাইস্পিড ট্রেন কেনার পেছনে। এসএনসিএফও একই প্রজন্মের এই ট্রেনগুলো নিজেদের বহরে যুক্ত করছে।


