সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন ক্যান্টনে এবার কঠোর আইনের কবলে পড়তে যাচ্ছেন শিক্ষকরা। দীর্ঘ ও আবেগঘন বিতর্কের পর, স্কুলগুলোতে হিজাবসহ সব ধরনের ধর্মীয় প্রতীক পরিধান নিষিদ্ধের প্রস্তাব পাস করেছে দেশটির আঞ্চলিক পার্লামেন্ট। লি নিউজের প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টে প্রস্তাবটি ৭০-৪৬ ভোটে পাস হয়। প্রথমে কেবল প্রাথমিক বিদ্যালয়ের জন্য এই পরিকল্পনা থাকলেও, আইনপ্রণেতাদের জোরালো দাবির মুখে তা উচ্চ মাধ্যমিক এবং বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।
মূলত ২০২৫ সালে অ্যাশেনবাখ পৌরসভায় এক শিক্ষিকা হিজাব পরে ক্লাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তীব্র আপত্তির মুখে পড়েন। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে রায় আসে শিক্ষকরা যেহেতু রাষ্ট্রের প্রতিনিধি, তাই তারা কঠোর নিরপেক্ষতার নীতি মেনে চলতে বাধ্য। তবে এই আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদ তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, এই আইনটি কেবল মুসলিম নারীদের লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে কট্টরপন্থীদের মতে, ইসলামিক হিজাবের মতো ধর্মীয় প্রতীকগুলো কোনোভাবেই সুইস মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
সুইজারল্যান্ড বহুসংস্কৃতিবাদের চেয়ে বরাবরই নিজস্ব সংস্কৃতির আত্মীকরণকে প্রাধান্য দিয়ে থাকে। আপাতত সব সরকারি স্কুলে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে একটি চূড়ান্ত খসড়া আইন তৈরির জন্য সরকারকে তিন বছর সময় দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: লি নিউজ


