ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার জেরে উত্তাল হয়ে উঠেছে ব্রিটেনের রাজনীতি। ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দল ‘লিবারেল ডেমোক্র্যাটস’-এর নেতা এড ডেভি দাবি তুলেছেন, রাজা তৃতীয় চার্লসের উচিত তার পরিকল্পিত আমেরিকা সফর বাতিল করা। তার মতে, ট্রাম্প যে ‘অবৈধ যুদ্ধ’ শুরু করেছেন, তার প্রতিবাদ হিসেবেই রাজার এই সফর স্থগিত করা দরকার।
আগামী মাসে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য রাজার সেখানে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এড ডেভি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পরামর্শ দিয়েছেন যেন তিনি রাজাকে এই সফরে যেতে নিষেধ করেন। ডেভির মতে, ট্রাম্পের যুদ্ধ মধ্যপ্রাচ্যকে ধ্বংস করছে এবং এর ফলে সাধারণ মানুষের রান্নার গ্যাস ও বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে। তাই এমন পরিস্থিতিতে রাজাকে পাঠিয়ে ট্রাম্পকে কোনো ‘কূটনৈতিক সাফল্যের’ অনুভূতি দেওয়া ঠিক হবে না।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক এখন বেশ খারাপ যাচ্ছে। ইরান যুদ্ধে সরাসরি যোগ না দেওয়ায় ট্রাম্প বারবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অপমান করছেন। এমনকি সামাজিক মাধ্যমে ট্রাম্প এমনও লিখেছেন যে, যুদ্ধের শেষে যারা যোগ দেয় তাদের আমেরিকার দরকার নেই। যদিও আগে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, কিন্তু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে না দেওয়ায় ট্রাম্প এখন ব্রিটেনের ওপর ক্ষুব্ধ। রাজা এই সফরে যাবেন কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি বাকিংহাম প্যালেস।


