সুপারশপ, গুদাম ও রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক ফ্রিজ ও ফ্রিজারের অপারেটিং সিস্টেমে বড় ধরনের নিরাপত্তাত্রুটি শনাক্ত করে তা সমাধান করেছে যুক্তরাজ্যের একটি সাইবার নিরাপত্তা সংস্থা।
সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে ফ্রিজ ও ফ্রিজার হ্যাক করে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নিরাপত্তাত্রুটির সমাধান করায় দেশটির এসব যন্ত্রে একই ধরনের হামলার ঝুঁকি কমেছে।
চলতি নভেম্বরের শুরুতে সুইডেন থেকে বেলজিয়াম পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ধারাবাহিক সাইবার হামলায় অসংখ্য বাণিজ্যিক ফ্রিজ ও ফ্রিজার অচল হয়ে পড়ে।
এর আগে গত অক্টোবরে ফ্রান্সেও একই ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটে। এতে ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় দোকান ও সুপারশপগুলোকে কয়েক লাখ ইউরো মূল্যের খাবার ফেলে দিতে হয়।
বিবিসি জানিয়েছে, শুরুতে ধারণা করা হয়েছিল, যুক্তরাজ্যের হিমাগার শিল্পে ভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হওয়ায় দেশটি হয়তো এ ধরনের সাইবার হামলা থেকে রক্ষা পেয়েছে। তবে পরে ব্রিটিশ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা সিস্টেমে একটি নিরাপত্তাত্রুটি শনাক্ত করেন। এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা যুক্তরাজ্যেও যেকোনো সময় হামলা চালাতে পারত।
প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যাটির সমাধান করা হয়েছে এবং তা ইতিমধ্যে কার্যকরও করা হয়েছে।
ইউরোপে সাইবার হামলার পর জার্মানির তথ্য নিরাপত্তা দপ্তর সতর্ক করে জানিয়েছে, ডেনমার্কের প্রতিষ্ঠান ড্যানফসের তৈরি শিল্পকারখানার বেশ কিছু বড় শীতলীকরণ যন্ত্রে এখনো নিরাপত্তাত্রুটি রয়েছে।
এদিকে, গত অক্টোবরে ফ্রান্সে চালানো সাইবার হামলার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে দায়ী করেছে দেশটির গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলো। ওই হামলায় ফ্রান্সের ৭০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
সে সময় হ্যাকাররা হিমাগার ব্যবস্থার তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এতে ১৫টি স্থানে আগুন লাগার ঘটনাও ঘটে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের হিমাগার ব্যবস্থায় নিরাপত্তাত্রুটি প্রথম শনাক্ত করেন ‘ওমেগা সিস্টেমস’ নামের একটি প্রতিষ্ঠানের পরামর্শকেরা।
তবে স্থায়ী সমাধান তৈরি হওয়ার আগপর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুপারশপগুলো উন্মুক্ত ইন্টারনেট থেকে ফ্রিজগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে রাখে। একই সঙ্গে যন্ত্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) সম্ভাব্য নিরাপত্তাত্রুটি সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগেভাগে সতর্কবার্তা ও নোটিশ পাঠিয়ে থাকে।
তবে বিবিসির এই প্রতিবেদন নিয়ে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


