স্পেনের মালাগা শহরের একটি পানশালায় ঘটে গেল রুপালি পর্দার কমেডি সিনেমাকেও হার মানানো এক বাস্তব ঘটনা। ‘লা বারাকা দে লা আবুয়েলা’ নামের ওই পানশালায় হাতে বিশাল রামদা এবং কোমরে পিস্তল নিয়ে হানা দিয়েছিলেন এক ভয়ংকর দর্শন ডাকাত। কিন্তু ডর-ভয়ের বদলে দোকানকর্মীদের অট্টহাসির তোড়ে শেষমেশ মেজাজ হারিয়ে শূন্য হাতেই ফিরতে হলো সেই ‘দুভাগা’ ডাকাতকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রোর বরাতে জানা যায়, এই অবিশ্বাস্য সাহসিকতার মূলে ছিল এক বিরাট ‘ভুল বোঝাবুঝি’। পানশালার কর্মীরা ভেবেছিলেন, তাদের কোনো পরিচিত নিয়মিত গ্রাহক হয়তো নিছক মজা করার জন্য এমন অদ্ভুত ছদ্মবেশে এসেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতটি চিৎকার করে টাকা দাবি করলেও এক কর্মী দিব্যি তার হাতের রামদাটি নেড়েচেড়ে দেখে মন্তব্য করেন, “আরে, এটা তো খেলনা!” পরিস্থিতি গম্ভীর করতে ডাকাত যখন এক কর্মীর গলায় ছুরি ধরেন, তখন সেই কর্মীর নির্বিকার জবাব ছিল, “ছুরিটিতে তো মোটেও ধার নেই।” নিজের ‘ডাকাত’ পরিচয় প্রমাণ করতে মরিয়া হয়ে লোকটি পিস্তল বের করে কাউন্টারে আঘাত করলেও কর্মীরা হাসাহাসি থামাননি। উল্টো এক কর্মী হেসেই জিজ্ঞাসা করেন, “আমরা কি তবে পুলিশে ফোন দেব?” এই প্রশ্নেই চরম বিভ্রান্তি আর বিরক্তি নিয়ে পানশালা থেকে বেরিয়ে যান সেই ব্যক্তি। পরে পুলিশ তাকে অন্য এলাকা থেকে গ্রেপ্তার করলে কর্মীদের হুঁশ ফেরে যে, তারা যাকে রসিকতা ভেবেছিলেন, সেটি আসলে ছিল এক ভয়াবহ সশস্ত্র ডাকাতির চেষ্টা।


