ইতালিতে সরকারি সুযোগ-সুবিধা এবং সমাজকল্যাণ ভাতা পাওয়ার জন্য টানা ১০ বছর বসবাসের যে শর্ত দেওয়া হয়েছিল, তাকে ‘বৈষম্যমূলক’ বলে রায় দিয়েছে ইউরোপীয় আদালত। এই ঐতিহাসিক রায়ের ফলে দেশটিতে বসবাসরত হাজার হাজার বিদেশি নাগরিক, বিশেষ করে যারা সুরক্ষা প্রাপ্ত, তারা নতুন করে আইনি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
ইউরোপীয় আদালত জানিয়েছে, ইতালির এই ১০ বছরের বসবাসের শর্তটি পরোক্ষভাবে বিদেশি নাগরিকদের প্রতি বৈষম্য তৈরি করে এবং এটি একজন অভিবাসীর সামাজিক একীভূতকরণে বাধা সৃষ্টি করে। এছাড়া ইউরোপীয় আইন অনুযায়ী, শরণার্থী বা সুরক্ষা প্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট দেশের নাগরিকদের মতোই সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী।
২০২২ সালে বেরগামো শহরের এক অভিবাসী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এই আইনি লড়াই শুরু হয়, যার ‘সিটিজেনশিপ ইনকাম’ বাতিল করে দেওয়া হয়েছিল এবং আগে নেওয়া ১৩,০০০ ইউরো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও মেলোনি সরকার ২০২৪ সাল থেকে ‘সিটিজেনশিপ ইনকাম’ বাতিল করে ৫ বছর বসবাসের শর্তযুক্ত ‘ইনক্লুশন চেক’ চালু করেছে, তবে এই রায়ের পর বর্তমান শর্তটিও পরিবর্তনের দাবি উঠেছে। ইতালির অভিবাসন বিষয়ক আইনি সংস্থা ASGI দাবি করেছে যে, প্রশাসনকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে হবে এবং অভিবাসীদের অধিকার রক্ষায় পার্লামেন্টকে দ্রুত আইন সংশোধন করতে হবে। যদিও ইতালির বর্তমান সরকার শুরু থেকেই এই ধরণের অনুদানের বিরোধী, তবে আদালতের এই রায় দেশটির অভ্যন্তরীণ নীতির ওপর বড় আইনি চাপ সৃষ্টি করল।
তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস


