ফ্রান্সের পূর্বাঞ্চলে সুইজারল্যান্ড সীমান্তসংলগ্ন এলাকায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন শিশু, অন্যজন তরুণ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফ্রান্সের পূর্বাঞ্চলের লঁ শহরে এ দুর্ঘটনা ঘটে। ফ্রান্সের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা ও আশ্রয় দিতে শহরের কমিউনিটি হল খুলে দেওয়া হয়েছে।
ফ্রান্সের সম্প্রচারমাধ্যম বিএফএম টিভির প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল-সাদা রঙের একটি বাস রাস্তার পাশের খাদে হেলে পড়ে আছে। বাসটির বাইরে ভিড় করেছেন অনেকে। শহরটির মেয়র ইভ ক্রিস্টিন বিএফএম টিভিকে বলেন, ‘আমাদের কমিউনিটির জন্য এটি চরম ট্র্যাজেডি। দুর্ঘটনাস্থলে সড়কে বড় কোনো জটিলতা ছিল না।’
তিনি আরও বলেন, ‘সড়কটি কিছুটা ভেজা ছিল। বাসটি কেন নিজের লেন ছেড়ে রাস্তা পার হয়ে বিপরীত পাশের খাদে গিয়ে পড়ল, তা আমরা বুঝতে পারছি না।’ মেয়র জানান, দুর্ভাগ্যজনকভাবে বাসটির যাত্রাপথে একটি গাছ ছিল। গাছটির কারণেই দুর্ঘটনাটি আরও মর্মান্তিক হয়ে ওঠে।


