পর্তুগালের সেতুবাল জেলার আলমেদায় এক সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় আলমেদার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত শনিবার (৪ জুলাই) রাত নয়টার দিকে আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শামসুল ইসলাম। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় আলমেদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নিহত শামসুল ইসলামের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে দেশে গিয়ে বিয়ে করেছিলেন তিনি। এরপর জীবিকার তাগিদে আবারও পর্তুগালে ফিরে আসেন।
শামসুল ইসলামের আকস্মিক মৃত্যুর খবরে আলমেদাসহ পর্তুগালের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রবাসী ব্যক্তিরা পর্তুগিজ পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।


