ফ্রান্সে ১৯০০ সালে তাপমাত্রা পরিমাপের ইতিহাস শুরু হওয়ার পর থেকে গত জুলাই ছিল সবচেয়ে উত্তপ্ত মাস। এটি ২০০৩ সালের আগস্ট এবং ২০০৬ সালের জুলাইয়ের তীব্র তাপপ্রবাহের আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গত মঙ্গলবার (৪ আগস্ট) দেশের আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির আবহাওয়া অফিস ‘মেতেও ফ্রান্স’ আরও জানিয়েছে, এই মাসটি ছিল ফ্রান্সের ইতিহাসের তৃতীয় শুষ্কতম জুলাই। এ সময় স্বাভাবিকের চেয়ে প্রায় ৭০ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে মাটির আর্দ্রতা কমে গেছে এবং দাবানলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
ইউরোপ চলতি বছর একের পর এক তীব্র তাপপ্রবাহ এবং বড় ধরনের খরার মুখোমুখি হয়েছে, যার জন্য বিজ্ঞানীরা মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
গত মে মাস থেকে ফ্রান্সে একের পর এক তাপপ্রবাহের কারণে তৈরি হওয়া চরম শুষ্ক আবহাওয়া গত মাসে দেশটিতে ১৯৪৯ সালের পর সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল। গত ২২ জুলাই শুরু হওয়া এই দাবানলে প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের চেয়ে চার গুণ বড়।
ল্য মোঁদ


