পর্তুগালের সরকারি ঋণ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯২ দশমিক ৯ শতাংশে পৌঁছালেও এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো।
স্বাস্থ্য খাত নিয়ে দেওয়া এক বক্তব্যে প্রসঙ্গক্রমে দেশের সরকারি ঋণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘ঋণের এই পরিসংখ্যান দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জিডিপির তুলনায় আমাদের সরকারি ঋণ কমানোর যে ধারা রয়েছে, তাতে এর কোনো প্রভাব পড়বে না। বছরের শেষে আমরা আবারও সবাইকে চমকে দেব।’
তবে প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে সন্তুষ্ট নয় দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি অংশ।
দেশটির ডানপন্থী রাজনৈতিক দল ‘শেগা’-এর নেতা আন্দ্রে ভেনচুরা বলেন, সরকারি ঋণ বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই।
ভেনতুরার ভাষায়, ‘দেশ এখন অত্যন্ত দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা ও চরম অদক্ষতার পরিস্থিতির মধ্যে রয়েছে।’
তিনি সরকারের প্রতি দেশের জনগণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা স্পষ্টভাবে সাধারণ মানুষকে বোঝাতে নির্ভরযোগ্য ও সুস্পষ্ট তথ্য প্রকাশের আহ্বান জানান।


