অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ময়েসেস হেনরিকস এবার নতুন ভূমিকায়। ৩৯ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডারের নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামছে পর্তুগাল। ইউরোপের বাছাইপর্বের এই অভিযানে পর্তুগালের ১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া স্পিনার সিরাজ উল্লাহ খোদেমও।
অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন হেনরিকস। গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও বিদেশি বিভিন্ন লিগে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম আসরে গ্লাসগো কসমিকের সঙ্গে চুক্তি করেছেন এই অলরাউন্ডার। এবার পর্তুগালের হয়ে নতুন চ্যালেঞ্জে নামছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলীয় বাছাইপর্বের জন্য পর্তুগালের অধিনায়ক হিসেবে হেনরিকসের নাম ঘোষণা করা হয়।
পর্তুগালের সঙ্গে তার সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। দেশটির দ্বীপ মাদেইরায় জন্ম হেনরিকসের। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর পশ্চিমে অবস্থিত এই দ্বীপেই জন্মেছিলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। ছোটবেলায় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান হেনরিকস। পরে নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের হয়ে দীর্ঘ পেশাদার ক্যারিয়ার গড়েন।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাঁচ বছর আগে। সব মিলিয়ে দেশটির হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
পর্তুগালের ১৪ সদস্যের দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ আরও কয়েকজন খেলোয়াড় রয়েছেন। সাবেক সাসেক্স, অকল্যান্ড ও ওয়েলিংটনের উইকেটকিপার-ব্যাটার ক্রেইগ কাচোপা আছেন দলে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে খেলা ক্যামেরন শেকলটনও রয়েছেন স্কোয়াডে।
এ ছাড়া গৌতেংয়ের হয়ে রায়ান রিকেলটনের সঙ্গে একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা সেবাস্তিয়ান দে অলিভেইরাও আছেন দলে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া স্পিনার সিরাজ উল্লাহ খোদেমও পর্তুগালের বিশ্বকাপ অভিযানের অংশ। দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছে প্রায় পাঁচ বছর আগে। চলতি বছর ‘দ্য হান্ড্রেড’-এর নিলামের দীর্ঘ তালিকাতেও ছিলেন তিনি।
আগের অধিনায়ক কার্লোস নুনেসের জায়গায় নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন হেনরিকস। নুনেস বর্তমানে ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে টুইকেনহ্যামের অধিনায়কত্ব করছেন। তবে তিনিও পর্তুগালের ১৪ সদস্যের দলে রয়েছেন।
বিশ্বকাপের টিকিট পেতে পর্তুগালকে অবশ্য কঠিন পথ পাড়ি দিতে হবে। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান বর্তমানে ৩৭তম। আগামী ১৪ থেকে ২০ আগস্ট ফিনল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’।
‘বি’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ ইসরায়েল, জার্মানি, গ্রিস ও চেক প্রজাতন্ত্র। গ্রুপের শীর্ষ দল ২১ আগস্ট ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে ফাইনালে খেলবে। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল ইউরোপিয়ান রিজিওনাল ফাইনালে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে যোগ দেবে।
সেখান থেকে সেরা দুটি দল জায়গা করে নেবে বৈশ্বিক বাছাইপর্বে। শেষ পর্যন্ত তাদের লক্ষ্য ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
পর্তুগালের ম্যাচ সূচি
১৪ আগস্ট: ইসরায়েলের বিপক্ষে
১৫ আগস্ট: জার্মানির বিপক্ষে
১৭ আগস্ট: গ্রিসের বিপক্ষে
২০ আগস্ট: চেক প্রজাতন্ত্রের বিপক্ষে
২১ আগস্ট: ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)
ডেস্ক


