২০২৬ সালের প্রথম সাত মাসে রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক পেয়েছে স্পেন। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে ৫ কোটি ৮১ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।
পর্যটকদের ব্যয়ও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ সময়ে বিদেশি পর্যটকরা স্পেনে ৮২ দশমিক ৫ বিলিয়ন ইউরো খরচ করেছেন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেশি।
শুধু জুলাই মাসেই স্পেনে ১ কোটি ১৫ লাখ বিদেশি পর্যটক গেছেন। গত বছরের জুলাইয়ের তুলনায় এ সংখ্যা ৪ দশমিক ৬ শতাংশ বেশি। একই সময়ে পর্যটকদের ব্যয় ১০ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৮ দশমিক ২২ বিলিয়ন ইউরো হয়েছে। স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) প্রকাশিত ফ্রনটুর ও এগাতুরের তথ্য থেকে এসব জানা গেছে।
যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি পর্যটক
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত স্পেনের পর্যটন বাজারে সবচেয়ে বেশি পর্যটক এসেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে। এ সময়ে যুক্তরাজ্য থেকে ১ কোটি ১৫ লাখ, ফ্রান্স থেকে ৭২ লাখ এবং জার্মানি থেকে ৬৯ লাখ পর্যটক স্পেনে গেছেন।
যুক্তরাজ্যের পর্যটক বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ এবং ফ্রান্সের ১ দশমিক ২ শতাংশ। বিপরীতে জার্মান পর্যটকের সংখ্যা কমেছে দশমিক ৫ শতাংশ।
শতকরা হিসাবে সবচেয়ে দ্রুত বেড়েছে ইতালির পর্যটক। দেশটি থেকে ৩৫ লাখ পর্যটক স্পেনে গেছেন, যা এক বছর আগের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেশি।
জুলাইয়েও যুক্তরাজ্য ছিল স্পেনের সবচেয়ে বড় পর্যটন বাজার। ওই মাসে ২২ লাখ ব্রিটিশ পর্যটক স্পেনে যান, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। তারা মাসটিতে স্পেনে ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো ব্যয় করেন।
কাতালোনিয়ায় পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি
জানুয়ারি-জুলাই সময়ে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক পেয়েছে কাতালোনিয়া। অঞ্চলটিতে ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার পর্যটক গেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।
এরপর রয়েছে বালিয়ারিক দ্বীপপুঞ্জ ও ক্যানারি দ্বীপপুঞ্জ। এ দুই অঞ্চলে যথাক্রমে ৯১ লাখ ৬০ হাজার ও ৯০ লাখ ২০ হাজার পর্যটক গেছেন। বালিয়ারিক দ্বীপপুঞ্জে পর্যটক বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ, আর ক্যানারি দ্বীপপুঞ্জে কমেছে দশমিক ৬ শতাংশ।
আন্দালুসিয়ায় পর্যটক বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ। প্রধান পর্যটন গন্তব্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ান কমিউনিটিতে—যথাক্রমে ৯ দশমিক ৬ শতাংশ ও ৮ দশমিক ৯ শতাংশ।
জুলাইয়ে ভ্যালেন্সিয়ান কমিউনিটিতে ১৬ লাখ ৩০ হাজার এবং মাদ্রিদে ৮ লাখ বিদেশি পর্যটক গেছেন। এ দুই অঞ্চলে পর্যটক বেড়েছে যথাক্রমে ৯ দশমিক ৫ শতাংশ ও ১১ শতাংশ।
বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে প্রচলিত অবস্থানের সময় ছিল চার থেকে সাত রাত। এ সময়ে প্রায় ৫৭ লাখ পর্যটক এ ধরনের ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ বেশি।
পর্যটকদের মোট ব্যয়ের সবচেয়ে বড় অংশ গেছে আবাসনে—১৯ দশমিক ৮ শতাংশ। এরপর প্যাকেজ ট্যুরে ১৯ দশমিক ৩ শতাংশ এবং আন্তর্জাতিক পরিবহনে ১৯ দশমিক ২ শতাংশ ব্যয় হয়েছে।


