উচ্চতর বেতন, ক্যারিয়ারের পুনর্গঠন এবং মাঠপর্যায়ে উন্নত কর্মপরিবেশের দাবিতে লিসবনে বিক্ষোভের ডাক দিয়েছেন ন্যাশনাল রিপাবলিকান গার্ড (জিএনআর) ও পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি)-এর সদস্যরা। আগামী বৃহস্পতিবার পর্তুগালের রাজধানীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
‘সবার জন্য নিরাপদ পর্তুগাল!’ (For a safe Portugal for all!) স্লোগানকে সামনে রেখে গার্ড প্রফেশনালস অ্যাসোসিয়েশন (এপিজি/জিএনআর) এবং পুলিশ প্রফেশনালস ইউনিয়ন অ্যাসোসিয়েশন (এএসপিপি/পিএসপি) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে। অভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রণালয়ের (এমএআই) কার্যালয়ের সামনে জমায়েতের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হবে এবং সেখান থেকে বিক্ষোভকারীরা লিসবন সিটি হলের দিকে মার্চ করবেন।
আয়োজক সংগঠনগুলোর যুক্তি হলো, কর্মীদের বেতন এবং পেশাগত মর্যাদা সরাসরি তাঁদের কাজের অনুপ্রেরণা ও সাধারণ জনগণকে দেওয়া নিরাপত্তা সেবার মানের সঙ্গে গভীরভাবে জড়িত।
রাজধানীর এই বিক্ষোভটি দেশজুড়ে চলমান বিভিন্ন রাজপথের আন্দোলনের কেবল সূচনা মাত্র। আগামী সপ্তাহগুলোতে এই প্রতিবাদ কর্মসূচি পর্তুগালের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে। দুই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে একটি সুনির্দিষ্ট তারিখ ও বিস্তারিত বিবরণ দিয়ে জাতীয় বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন সমাপ্ত করা হবে।


